কোচ জর্জ জেসুস নরওয়ের বিরুদ্ধে না খেলানোয় আচমকাই জাতীয় শিবির ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার জল অনেকটাই গড়িয়েছে। নেশন্স লিগ চলাকালীন জাতীয় শিবির ছাড়ায় সিআর সেভেনকে নিলম্বিত করেছে পর্তুগালের ফুটবল সংস্থা। সেই ঘটনার পর কেমন পর্তুগাল শিবিরের অবস্থা? জানিয়েছেন মিডফিল্ডার ভিতিনহা।
জেসুস-রোনাল্ডো বিবাদ মেটার কোনও সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। রোনাল্ডো বলেই দিয়েছেন, দেশের জার্সি পরে তখনই আবার মাঠে নামবেন, যখন সাজঘরে জেসুস থাকবেন না। কিন্তু এই পরিস্থিতি মেনে নিতে পারছেন না পর্তুগালের অন্য ফুটবলারেরা। ভিতিনহারা মনে করছেন, রোনাল্ডোকে ছাড়া পর্তুগিজ সাজঘর অসম্পূর্ণ।
প্যারিস সঁ জরমেঁর ফুটবলার এক সাক্ষাৎকরে বলেছেন, ‘‘আন্তর্জাতিক সূচির সময়টা আমাদের কাছে বিশৃঙ্খল এবং আবেগপূর্ণ ছিল। আমার আশা, সব কিছু ভাল ভাবে মিটে যাবে। রোনাল্ডো আবার দলে ফিরে আসবে এবং সব স্বাভাবিক হয়ে যাবে। সত্যি বলতে, দলের সকলেই চায় রোনাল্ডো ফিরে আসুক। সব সমস্যার অবসান হোক।’’ অশান্তির কারণ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি রোনাল্ডোর সতীর্থ।
আরও পড়ুন:
গত শনিবার এক বিবৃতিতে পর্তুগিজ ফুটবল সংস্থা জানিয়েছে, রোনাল্ডোকে সাময়িক নিলম্বিত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। যত দিন তদন্ত শেষ না হচ্ছে, রোনাল্ডো নিলম্বিতই থাকবেন। এক থেকে ছ’মাসের জন্য নির্বাসিত হতে পারেন রোনাল্ডো। কোচের বিরুদ্ধেও একের পর এক অভিযোগ করেছেন রোনাল্ডো। ফুটবল সংস্থার দেওয়া শাস্তি মাথা পেতে নিয়েও অসুবিধা নেই বলে জানিয়েছেন তিনি।