লা লিগার ম্যাচে জয় পেল বার্সেলোনা। অ্যাথলেটিক বিলবাওকে ২-০ ব্যবধানে হারালেন রাফিনহারা। এই ম্যাচেই বার্সেলোনার হয়ে অভিষেক হয়েছে স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক রদ্রির। লা লিগার প্রথম দু’ম্যাচেই জয় পেল বার্সেলোনা।
অ্যাওয়ে ম্যাচের পর ঘরের মাঠেও জয় দিয়ে মরসুম শুরু করল বার্সেলোনা। অ্যাথলেটিকের বিরুদ্ধে প্রথম থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন স্প্যানিশ চ্যাম্পিয়নেরা। ন্যু ক্যাম্পে সমর্থকদেরও পাশে পেয়েছিলেন তাঁরা। ৬৩ মিনিটে প্রথম গোলদাতা রাফিনহাকে তুলে রদ্রিকে নামান বার্সা কোচ হান্সি ফ্লিক। তাঁকে হাততালি দিয়ে মাঠে স্বাগত জানান বার্সোলোনা সমর্থকেরাও। ম্যাচের পর ফ্লিক বলেন, ‘‘রদ্রি আমাদের হয়ে খেলায় সবাই খুব খুশি। ও বার্সেলোনার জন্য একদম নিখুঁত খেলোয়াড়। আমাদের দর্শন এবং ফুটবলের ধারার জন্য একেবারে নিখুঁত ফুটবলার রদ্রি।’’ বার্সেলোনা কোচ বুঝিয়ে দিয়েছেন, রদ্রিকে পাওয়ায় তাঁর দল শক্তিশালী হয়েছে।
বার্সা-অ্যাথলেটিক ম্যাচের প্রধান আকর্ষণই ছিলেন রদ্রি। পয়েন্ট তালিকায় সকলের শেষে থাকা দলের বিরুদ্ধে ম্যাচ নিয়ে বার্সা শিবিরে এমনিতে কোনও উদ্বেগ ছিল না। ৩৭ মিনিটে বার্সাকে এগিয়ে দেন রাফিনহা। পেদ্রির কাছ থেকে বল পেয়ে গোল করেন তিনি। ৮২ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করেন ফেরমিন লোপেজ়। গোলটি অ্যাথলেটিকের ডিফেন্ডার আইমেরিক লাপোর্তের ভুল কাজে লাগিয়ে করেন লোপেজ়। তবে গোটা ম্যাচে বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করেছেন বার্সেলোনার ফুটবলারেরা। পাঁচ-ছ’গোলে জিতলেও অবাক হওয়ার কিছু থাকত না।
আরও পড়ুন:
বার্সার হয়ে অভিষেক ম্যাচের পর রদ্রি বলেছেন, ‘‘প্রথম ম্যাচটা খেলত পেরে দুর্দান্ত লাগছে। আমি খুব খুশি। দল জেতায় আরও বেশি ভাল লাগছে। আমরা এখন দুইয়ে দুই। দলের সকলের সঙ্গে বোঝাপড়া গড়ে তুলতে হবে দ্রুত। দলের খেলার ছন্দের সঙ্গে মানিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে উপভোগ করেছি বার্সার জার্সি গায়ে প্রথম মিনিট।’’