শিল্ডের ক্রীড়াসূচি প্রকাশ করল ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ)। ছ’টি দলকে নিয়ে হবে প্রতিযোগিতা। কলকাতার তিন প্রধান ছাড়াও রয়েছে ভিন রাজ্যের তিনটি ক্লাব। প্রতিযোগিতা শুরু হবে ২২ সেপ্টেম্বর। প্রথম দিনই মিনি ডার্বি।
কলকাতা লিগ শেষ হবে ১৯ সেপ্টেম্বর। তার তিন দিনের মাথায় শুরু হবে আইএফএ শিল্ড। লিগের শেষ দিন মাঠে নামবে ইস্টবেঙ্গল। আর লাল-হলুদ শিবিরকে শিল্ডের প্রথম ম্যাচ খেলতে হবে ২২ সেপ্টেম্বর। অর্থাৎ নতুন প্রতিযোগিতার প্রস্তুতির জন্য মাত্র দু’দিন সময় পাবে। লিগ এবং শিল্ড দু’টিই আইএফএর প্রতিযোগিতা। স্বাভাবিক ভাবেই এই সূচি নিয়ে প্রশ্ন উঠছে। দু’টি ম্যাচের মধ্যে ন্যূনতম ‘রিকভারি টাইম’ও নেই।
শিল্ডের গ্রুপ ওয়ানে রয়েছে ইস্টবেঙ্গল, মহমেডান স্পোর্টিং এবং পঞ্জাব এফসি। গ্রুপ টু-তে রয়েছে মোহনবাগান, শ্রীনিধি ডেকান এবং নর্থইস্ট ইউনাইটেড। ২২ সেপ্টেম্বর ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ মহমেডান। ২৩ সেপ্টেম্বর মাঠে নামবে মোহনবাগান। সবুজ-মেরুন শিবিরের প্রথম প্রতিপক্ষ শ্রীনিধি ডেকান। ২৫ সেপ্টেম্বর মহমেডানের খেলা পঞ্জাব এফসির সঙ্গে। ২৬ সেপ্টেম্বর শ্রীনিধি ডেকান-নর্থইস্ট ইউনাইটেড ম্যাচ। ২৮ সেপ্টেম্বর মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-পঞ্জাব এফসি। ২৯ সেপ্টেম্বর মোহনবাগানের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। গ্রুপ পর্বের সব ম্যাচ শুরু হবে দুপুর ৩টেয়।
আরও পড়ুন:
শিল্ডের দু’টি সেমিফাইনালই হবে ২ অক্টোবর। মাঠ এবং সময় জানানো হয়নি। ফাইনালের দিন, মাঠ, সময় কিছুই জানায়নি আইএফএ।