Advertisement
E-Paper

দুধ বা দুগ্ধজাত খাবার মুখেও তোলেন না রোনাল্ডো! কী কী রয়েছে তাঁর খাদ্যতালিকায়, ফাঁস করে দিলেন প্রাক্তন পাচক

এক বৃহত্তর দর্শনে নিজের খাদ্যতালিকা থেকে দুধ বা দুগ্ধজাতীয় খাবার সচেতন ভাবে বাদ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মিষ্টি বা গম থেকে তৈরি কোনও রকম খাবারও মুখে তোলেন না সিআর সেভেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৬ ২২:০২
Picture of Football

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। — ফাইল চিত্র।

সুষম খাদ্য হিসেবে দুধ স্বীকৃত। দুধের পুষ্টিগুণ নিয়ে কোনও সংশয় বা সন্দেহ নেই। ছোট থেকে বুড়ো— সকলেই দুধ খেতে পারেন। মহেন্দ্র সিংহ ধোনির মতো অনেক খেলোয়াড়ই শারীরিক সক্ষমতা বৃদ্ধি বা বজায় রাখার জন্য দুধ বা দুগ্ধজাত খাদ্যের উপর নির্ভর করেন। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাঁর খাদ্যতালিকা থেকে সম্পূর্ণ বাদই দিয়ে দিয়েছেন দুধ বা দুগ্ধজাত খাদ্য। কেন? জানিয়েছেন সিআর সেভেনের প্রাক্তন পাচক।

রোনাল্ডোর প্রাক্তন ব্যক্তিগত পাচক জর্জিয়ো বোরেন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মানব এবং প্রাণী পুষ্টি সংক্রান্ত এক বৃহত্তর দর্শনে নিজের খাদ্যতালিকা থেকে দুধ বা দুগ্ধজাতীয় খাবার সচেতন ভাবে বাদ দিয়েছেন রোনাল্ডো। তিনি বলেছেন, ‘‘শৈশবের পর দুধ খাওয়ার প্রয়োজন হয় না। মানুষ ছাড়া পৃথিবীর আর কোনও স্তন্যপায়ী প্রাণী নির্দিষ্ট বয়সের পর আর দুধ খায় না। মানুষের ক্ষেত্রেও একদম প্রাথমিক বিকাশের সময়ই দুধের প্রয়োজন। আমরা প্রত্যেকে ছয় বা আট মাস বয়স পর্যন্ত মায়ের দুধ খাই। সেটাই যথেষ্ট। তা ছাড়া, মানুষ ছাড়া কোনও প্রাণী অন্য কোনও প্রাণীর দুধ পান করে না। দীর্ঘদিন ধরে দুধ পান করা প্রকৃতির সৃষ্টির বিরোধী। সে জন্যই রোনাল্ডো তাঁর খাদ্যতালিকায় দুধ বা দুগ্ধজাত কোনও খাবার রাখেন না।’’

তা হলে কী কী খান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার? বোরেন বলেছেন, ‘‘খাওয়ার ব্যাপারে কঠোর রোনাল্ডোর কোনও কঠোর বিধিনিষেধ নেই। তবে পুষ্টির ভারসাম্য বজায় রাখেন। বিশুদ্ধ পুষ্টির উপর জোর দেওয়া হয়। যেমন সকালে অ্যাভোকাডো ডিম এবং চিনি ছাড়া কফি দিয়ে প্রাতঃরাশ করেন রোনাল্ডো। কোনও রকম মিষ্টি থাকে না।’’

সারা দিন আর কী কী খান? বোরেন বলেছেন, ‘‘খুব সাধারণ। মধ্যাহ্নভোজে থাকে মুরগি বা মাছের মতো চর্বিহীন প্রোটিন এবং প্রচুর শাকসবজি। চাল বা গম থেকে তৈরি কিছু থাকে না। শাকসবজি থেকেই প্রয়োজনীয় শর্করা সংগ্রহ করে রোনাল্ডোর শরীর। মধ্যাহ্নভোজের মতো নৈশভোজেও হালকা খাবার খান। চর্বি ছাড়া মুরগির মাংস বা মাছের পদ। সঙ্গে থাকে শাকসবজি। প্রতিটি খাবার তৈরি করা হয় বিশেষ ভাবে। যাবে সম্পূর্ণ পুষ্টিগুণ বজায় থাকে।’’

দুধ ছাড়া আর কী কী খান না রোনাল্ডো? আল নাসের অধিনায়কের প্রাক্তন পাচক বলেছেন, ‘‘মিষ্টি, রুটি বা পাস্তার মতো গম থেকে তৈরি খাবার, প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট সম্পূর্ণ ভাবে এড়িয়ে চলেন। তবে স্বাস্থ্যকর চর্বি, উচ্চমানের প্রোটিন সমৃদ্ধ খাবার থাকে রোনাল্ডোর পাতে।’’

খেলা থাকলে, খেলা না থাকলে বা চোট সারানোর সময়ে রোনাল্ডোর খাবারের পার্থক্য রয়েছে। কোন দিন কী খাবেন, তা নির্ভর করে নির্দিষ্ট দিনের সূচি এবং তাঁর শারীরিক পরিস্থিতির উপর।

milk Milk Products Diet

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy