৪৪ বছর পর এশিয়ান গেমসে মহিলাদের হকিতে সোনা জিতেছে ভারত। এই নিয়ে দ্বিতীয় বার। এশিয়াডের এই সাফল্যে সালিমা টেটের দলকে ২০২৮ সালের অলিম্পিক্সে খেলার ছাড়পত্রও দিয়েছে। মেয়েদের দলের সোনালি সাফল্যে খুশি হকি ইন্ডিয়ার কর্তারা। আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন দিলীপ তিরকেরা। মিজ়োরাম সরকারও সোনাজয়ী দলে থাকা রাজ্যের দুই খেলোয়াড়ের জন্য পুরস্কার ঘোষণা করেছে।
১৯৮২ সালের পর আবার মহিলাদের হকিতে সোনা। এই নিয়ে দ্বিতীয় বার। শুক্রবার ফাইনালে চিনকে ১-০ ব্যবধানে হারানোর পর সোনাজয়ী দলের প্রত্যেক খেলোয়াড়কে ১১ লাখ টাকা করে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে হকি ইন্ডিয়া। দলের প্রত্যেক সাপোর্ট স্টাফকে দেওয়া হবে সাড়ে ৫ লাখ টাকা করে। মহিলা দলের জন্য আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করেছেন হকি ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল ভোলানাথ সিংহ। উল্লেখ্য, এর আগে ১৯৯৮ এবং ২০১৮ সালের গেমসে ফাইনালে উঠলেও সোনা জিততে পারেনি মেয়েদের হকি দল।
আরও পড়ুন:
ভারতের সোনাজয়ী দলে ছিলেন মিজ়োরামের দুই খেলোয়াড়। লালরেমসিয়ামি এবং লালথান্টলুয়াঙ্গি। রাজ্যের দুই খেলোয়াড়কে ২৫ লাখ টাকা করে পুরস্কার দেওয়ার কথা জানিয়েছে মিজ়োরাম সরকার। উল্লেখ্য, ফাইনালে ভারতের একমাত্র গোলটি করেন লালরেমসিয়ামিই। দু’জনকে ফোনো অভিনন্দন জানিয়েছেন মিজ়োরামের মুখ্যমন্ত্রী।