টানটান উত্তেজনা! শেষ মিনিট পর্যন্ত ভরপুর নাটক। ম্যাচ গড়াল টাইব্রেকারে। আর তাতে ৪-৩ জিতে শেষ হাসি হাসল বেলজিয়াম।
চব্বিশ ঘণ্টা আগে জার্মানির বিরুদ্ধে হকি বিশ্বকাপে পঞ্চম স্থান নির্ধারণের ম্যাচে জিতেছিল ভারতের মহিলা দল। শুক্রবার ক্রীড়াপ্রেমীদের নজর ছিল হরমনপ্রীত সিংহদের দিকে। বেলজিয়ামের বিরুদ্ধে কি পারবে ভারত সপ্তম স্থানে শেষ করতে?
মুখোমুখি সাক্ষাতে অবশ্য অনেকটা পিছিয়েছিল ভারত। এর আগে ৩৭ ম্যাচে ভারত জয় পেয়েছে মাত্র ন’টিতে। শুক্রবার খেলার শুরুতেই অবশ্য এগিয়ে যায় ভারত। অভিষেক ‘ডি’বক্সের মধ্যে বল বাড়িয়েছিলেন। তা আলেকজ়ান্ডার হেনড্রিক্সের স্টিকে লেগে দিক পরিবর্তন করে গোলে চলে যায়। দ্বিতীয় কোয়ার্টারে আরও মরিয়া হয়ে আক্রমণ শুরু করে বেলজিয়াম। ফলও মেলে হাতেনাতে। ২২ মিনিটে সমতা ফেরে। সেই রেশ কাটতে না কাটতেই ফের গোল পেয়ে যায় বেলজিয়াম। পেনাল্টি কর্নার থেকে জোরালো ড্র্যাগ-ফ্লিকে ২-১ করেন হুগো লাবুশেরে।
বিরতির পরে তৃতীয় কোয়ার্টার শুরু হতেই হরমনপ্রীতের গোলে সমতা ফেরায় ভারত। ৪৭ মিনিটে আর্থার দা স্লুভার ফের এগিয়ে দেন বেলজিয়ামকে। যখন সকলে ধরে নিয়েছেন ভারতের হার স্রেফ সময়ের অপেক্ষা, শেষ বাঁশি বাজার আগে লড়াইয়ে ফেরান অধিনায়ক হরমনপ্রীত সিংহ।
নির্ধারিত সময় পর্যন্ত স্কোর ৩-৩ থাকায় ম্যাচ যায় টাইব্রেকারে। সেখানে কিন্তু আর দলকে ভরসা যোগাতে পারলেন না হরমনপ্রীত। তাঁর এবং সুখজিৎ সিংহের প্রচেষ্টা ব্যর্থ হয়। সেখানেই ম্যাচ ভারতের হাত থেকে বেরিয়ে যায়। শেষ পর্যন্ত ৩-৪ গোলে হেরে বিশ্বকাপে অষ্টম স্থানে শেষ করল ভারত। হরমনপ্রীতদের দেশে ফিরতে হচ্ছে একরাশ হতাশা নিয়ে।
এ দিকে হকি বিশ্বকাপে ১৯৭৪ সালের পরে সেরা পঞ্চম স্থানে শেষ করেছে ভারতের মহিলা দল। তার পুরস্কারস্বরূপ সালিমা টেটেদের ৫০ লক্ষ টাকা পুরস্কারমূল্য দেওয়ার কথা ঘোষণা করেছে হকি ইন্ডিয়া। প্রেসিডেন্ট দিলীপ তিরকে বলেছেন, “ভারতের মহিলা দলের ঐতিহাসিক ফলাফল। এই ফল কঠোর পরিশ্রম, লড়াকু মানসিকতার পরিচয় দেয়।”