এশিয়ান গেমসে প্রথম বার হবে মিক্সড মার্শাল আর্ট। এই ইভেন্টের ভারতের অন্যতম প্রতিযোগী ছিলেন বরুণ সান্যাল। প্রতিযোগিতা শুরুর আগেই বাতিল হয়ে গেলেন তিনি। সনা স্নান নেওয়ার সময় জ্ঞান হারান তিনি। চিকিৎসকেরা বরুণকে আনফিট ঘোষণা করেছেন। ফলে এশিয়ান গেমসে নামা হবে না বাঙালি খেলোয়াড়ের।
প্রথম ভারতীয় দলের তালিকায় নাম ছিল না বরুণের। পরে আন্তর্জাতিক ক্ষেত্রে সাফল্যের সুবাদ বরুণের নাম অন্তর্ভুক্ত করা হয়। জাপানে গিয়ে প্রথম থেকেই নানা সমস্যায় পড়তে হয় তাঁকে। এশিয়ান গেমসে অব্যবস্থা নিয়ে দু’দিন আগেই ক্ষোভ, বিরক্তি প্রকাশ করেছিলেন। অভিযোগ করেন, প্রায় ১০ ঘণ্টা ঘোরাঘুরির পর থাকার ঘর পান। রবিবার বরুণের নামার কথা ছিল ৭৭ কেজি বিভাগে। কিন্তু প্রতিযোগিতার আগে অজ্ঞান হয়ে পড়ায় নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন বরুণ।
যে সব খেলায় শরীরের ওজন নির্দিষ্ট সীমার মধ্যে রাখা জরুরি, সেই সব খেলোয়াড়েরা সনা স্নান নেন। গরমে প্রচুর ঘাম হয়। তাতে শরীরের ওজন নিয়ন্ত্রণ করতে সুবিধা হয়। বরুণও তাই সনায় গিয়েছিলেন। সেখানে গিয়েই বিপত্তি হয়। শরীরে জলের পরিমাণ প্রচুর কমে যায়। পেশিতে টান ধরে। জ্ঞান হারান তিনি। রাত ১টা নাগাদ নেপালের এক খেলোয়াড় বরুণকে ওই অবস্থায় দেখে চিকিৎসকের কাছে নিয়ে যান। বরুণকে পরীক্ষা করে চিকিৎসক জানিয়ে দেন, তিনি ফিট নন। বরুণকে প্রতিযোগিতায় নামার অনুমতি দেওয়া যাবে না। বরুণের অসুস্থতার খবর পেয়ে ছুটে যান ভারতীয় মিক্সড মার্শাল আর্ট সংস্থার সভাপতি নিখিল কুন্দের-সহ অন্য কর্তারা।
আরও পড়ুন:
জানা গিয়েছে, সতীর্থ সুচিকা তারিয়ানকে সাহায্য করার জন্য নির্দিষ্ট সময়ের অনেক বেশি সনায় ছিলেন বরুণ। জাপানের অব্যবস্থার জন্য পর্যাপ্ত বিশ্রামও নিতে পারেননি। তার আগে লন্ডন থেকে মুম্বই এবং সিঙ্গাপুর হয়ে নাগোয়ায় পৌঁছেছিলেন তিনি। দীর্ঘ বিমানযাত্রার ধকলেও ক্লান্ত ছিলেন বরুণ।