গত মাসে ভারতীয় রোয়িংয়ে ইতিহাস তৈরি করেছিল লক্ষ্য এবং উজ্জ্বল কুমার সিংহের জুটি। রোয়িং বিশ্বকাপ থেকে ভারতকে প্রথম সোনার পদক এনে দিয়েছিলেন তাঁরা। লাইটওয়েট ডবল স্কালস ইভেন্টে চ্যাম্পিয়ন হন তাঁরা। কিন্তু লক্ষ্যের জন্য কয়েক দিনের মধ্যেই মুছে গেল সেই নজির।
ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়েছেন লক্ষ্য। তাঁর নমুনায় পাওয়া গিয়েছে নিষিদ্ধ স্ট্যানোজ়োলল। স্বাভাবিক ভাবেই কেড়ে নেওয়া হয়েছে ভারতের সোনার পদক। ফাইনালে ৬ মিনিট ২৬.০৯ সেকেন্ড সময় করে সোনা জিতেছিল লক্ষ্য-উজ্জ্বল জুটি। রোয়িং বিশ্বকাপের ইতিহাসে দেশকে প্রথম সোনার পদক এনে দিয়েছিলেন তাঁরা।
প্রতিযোগিতার আগে গত ২৫ মে লক্ষ্যের নমুনা সংগ্রহ করা হয়েছিল। তাই নিয়ম অনুযায়ী ওই ইভেন্ট থেকেই ভারতীয় জুটিকে বাতিল করা হয়েছে। ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা লক্ষ্যকে সাময়িক ভাবে বরখাস্ত করেছে। তাঁকে নোটিস পাঠানো হয়েছে। লক্ষ্য যদি প্রমাণ করতে পারেন, ইচ্ছাকৃত নিষিদ্ধ ওযুধ ব্যবহার করেননি, তা হলে তাঁর কিছুটা কম শাস্তি হতে পারে। না পারলে তিনি চার বছরের জন্য নিলম্বিত (সাসপেন্ড) হতে পারেন।
আরও পড়ুন:
শুধু রোয়িং বিশ্বকাপেই নয়, ভারত ডোপিং বিতর্কে জড়িয়েছে কমনওয়েলথ গেমসেও। ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় জুডো দলের দুই সদস্য অরুণ কুমার এবং তুলিকা মানকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে ডোপ করার প্রবণতা উদ্বেগজনক জায়গায় পৌঁছেছে। গত কয়েক বছরে বিশ্বের অন্যতম ডোপপ্রবণ দেশ হিসাবে চিহ্নিত হয়েছে ভারত। অ্যাথলেটিক্স, জুডো, ভারত্তোলনের মতো খেলাগুলিতে বার বার অভিযোগ উঠছে। এ বার তার সঙ্গে যুক্ত হল রোয়িং। বিশ্বমঞ্চে লজ্জিত হল দেশ।