Advertisement
E-Paper

মেয়েদের পর ছেলেদের দাপট, হকিতে ইন্দোনেশিয়াকে ১৩ গোল, ব্যাডমিন্টনের শেষ আটে সিন্ধুরা, পদক নিশ্চিত সুচিকার

বড় জয় দিয়ে এশিয়ান গেমস শুরু করল ভারতের ছেলেদের হকি দল। ব্যাডমিন্টনে মহিলাদের দলগত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধুদের প্রতিপক্ষ শক্তিশালী জাপান। মিক্সড মার্শাল আর্টে পদক নিশ্চিত করেছেন সুচিকা তারিয়াল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১৯
Picture of Hockey

ভারতীয় হকি দল। ছবি: হকি ইন্ডিয়া।

মেয়েদের ১৯ গোলের পর ছেলেদের ১৩ গোল। বড় জয় দিয়ে এশিয়ান গেমস শুরু করলেন হরমনপ্রীত সিংহেরাও। গ্রুপের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ১৩-১ ব্যবধানে হারাল গত বারের সোনাজয়ী ভারত। মহিলাদের দলগত ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে উঠলেন পিভি সিন্ধুরা। মিক্সড মার্শাল আর্টে প্রথম বছরই নিশ্চিত হয়ে গেল ভারতের পদক।

মেয়েদের মতোই দাপটে শুরু করল ছেলেদের হকি দলও। প্রতিপক্ষকে সেই অর্থে সুযোগই দেননি ভারতীয় খেলোয়াড়েরা। প্রথম ম্যাচেই হরমনপ্রীতেরা বুঝিয়ে দিলেন, এ বারও তাঁদের লক্ষ্য সোনার পদক। শুরুটা খারাপ করেনি ইন্দোনেশিয়া। রক্ষণ জমাট রেখে খেলছিল। প্রথম গোলের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হয় ভারতীয় দলকে। শিলানন্দ লাকরা ৬ মিনিটে প্রথম গোল করার পর আর ভারতকে আটকাতে পারেননি ইন্দোনেশিয়ার খেলোয়াড়েরা। প্রথমার্ধেই ৭-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।

অলিম্পিক্স ব্রোঞ্জজয়ীদের পক্ষে সবচেয়ে বেশি ৪টি গোল করেছেন দিলপ্রীত সিংহ। শিলানন্দ এবং সুখজিৎ সিংহ ২টি করে গোল করেছেন। ১টি করে গোল করেছেন হরমনপ্রীত, অভিষেক, রাজিন্দর সিংহ, যুগরাজ সিংহ এবং মনদীপ সিংহ। ভারতের ১৩টি গোলের মধ্যে ৩টি পেনাল্টি কর্নার থেকে। ইন্দোনেশিয়ার পক্ষে ৩৩ মিনিটে একমাত্র গোলটি করেন অলিয়া আল আর্ধ।

মহিলাদের ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে উঠলেন পিভি সিন্ধুরা। প্রিকোয়ার্টার ফাইনালে ভারত ৩-০ ব্যবধানে হারাল কাজ়াখস্তানকে। তিনটি সিঙ্গলসের একটিও ২৫ মিনিটের বেশি খেলা হয়নি। প্রথম ম্যাচে সিন্ধু ২১-৭, ২১-৯ ব্যবধানে হারান কামিলা স্মাগুলোভাকে। দ্বিতীয় ম্যাচে উন্নতি হুডা ২১-৭, ২১-১০ ব্যবধানে হারান অ্যালিসা কুলেশোভাকে। তৃতীয় ম্যাচে তানভি শর্মা ২১-৫, ২১-১০ ব্যবধানে হারিয়েছেন ডায়ানা নামেনোভাকে। প্রথম তিনটি সিঙ্গলসেই জয় আসায় দু’টি ডাবলস ম্যাচের প্রয়োজন হয়নি। কোয়ার্টার ফাইনালে ভারতীয় দলের প্রতিপক্ষ শক্তিশালী জাপান।

মিক্সড মার্শাল আর্টেও পদক নিশ্চিত করেছে ভারত। বরুণ সান্যাল অসুস্থতার জন্য এশিয়ান থেকে ছিটকে গেলেও মহিলাদের বিভাগে সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করেছেন সুচিকা তারিয়াল। ৩৬ বছরের সুচিকা ৬০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে মঙ্গোলিয়ার প্রতিযোগীকে ২-০ ব্যবধানে হারিয়েছেন। উল্লেখ্য, এশিয়ান গেমসে এ বারই প্রথম এই খেলাটি হচ্ছে।

Hockey Harmanpreet Singh badminton PV Sindhu

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy