চলতি এশিয়ান গেমসে প্রথম ব্যক্তিগত সোনা জিতেছেন নীরু ধঁধা। মহিলাদের ট্র্যাপ ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। হারিয়েছেন চিনের প্রতিযোগীকে। অথচ, মাত্র আট বছর আগে শুটিংয়ে হাতেখড়ি তাঁর। তুতো ভাইকে দেখে শুরু করেছিলেন। সেই তিনিই জিতলেন সোনা।
নীরুর তুতো ভাই লক্ষ্য সেওরান ২০১৮ সালের এশিয়ান গেমসে পুরুষদের ট্র্য়াপ ইভেন্টে জিতেছিলেন রুপো। সেটা দেখেই প্রথম বার বন্দুকে হাত দেন সেনাবাহিনীর সুবেদার নীরু। শুরুতে নিজস্ব শটগান ছিল না তাঁর। ধার করেন ভাইয়ের কাছে। টিনের ক্যানকে নিশানা করে অনুশীলন করতেন।
প্রতিবন্ধকতা থামাতে পারেনি নীরুকে। ২০২২ সালের শুটিংয়ের বিশ্বচ্যাম্পিয়নশিপে প্রথম বার ভারতের হয়ে নামেন নীরু। এশিয়ান চ্যাম্পিয়নশিপে জেতেন সোনা। চলতি বছরই ভারতের প্রথম মহিলা শুটার হিসাবে ব্যক্তিগত ট্র্যাপ ইভেন্টে সোনা জেতেন তিনি। মিক্সড ট্র্যাপ ইভেন্টে জেতেন ব্রোঞ্জ। সেই ছন্দ এশিয়ান গেমসেও ধরে রেখেছেন তিনি।
চলতি এশিয়ান গেমসে এটি নীরুর দ্বিতীয় পদক। এর আগে মিক্সড টিম ট্র্যাপ ইভেন্টে রুপো জিতেছেন তিনি। তবে এ বার আর দলগত নয়, ব্যক্তিগত ইভেন্টে পদক জিতলেন তিনি। চলতি এশিয়াডে এটিই প্রথম ব্য়ক্তিগত সোনা। এর আগে মহিলাদের ক্রিকেট, পুরুষ ও মহিলাদের কবাডি এবং শুটিংয়ে মিক্সড ইভেন্টে সোনা জিতেছে ভারত।
আরও পড়ুন:
ফাইনালে শুরু থেকেই এগিয়ে ছিলেন নীরু। বাকিদের থেকে তাঁর মিস্ কম হচ্ছিল। শেষে চিনের সুন ইউনঙের সঙ্গে লড়াই হচ্ছিল ভারতীয় শুটারের। দু’শট এগিয়ে ছিলেন নীরু। সেই লিডই নীরুকে সোনা এনে দিল। শেষ পর্যন্ত ৩০-এর মধ্যে ২৮ স্কোর করেন ভারতীয় শুটার। সুনের স্কোর ছিল ২৬।
২০১২ সালের লন্ডন অলিম্পিক্সের সোনাজয়ী পিটার উইলসন ভারতের শুটিং দলের কোচ। নীরু সোনা জেতার পর তিনি দৌড়ে গিয়ে ছাত্রীকে জড়িয়ে ধরেন। কুর্নিশ জানান। এর আগে এশিয়ান গেমসে ট্র্যাপ ইভেন্টে সর্বাধিক স্কোর ছিল ২৪। সেই স্কোর টপকে নতুন রেকর্ড গড়েছেন নীরু।