দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
দীর্ঘ এক মাসেরও বেশি সময়ের জল্পনার অবসান। আজ বিশ্বকাপ ফুটবলের ফাইনাল। সকলের নজর লিয়োনেল মেসির দিকে। পর পর দু’বার কি আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করতে পারবেন তিনি? এ বার মহারণে আর্জেন্টিনার সামনে স্পেন। ফ্রান্সের মতো অন্যতম সেরা দলকে হারিয়ে ফাইনালে উঠেছে লামিলে ইয়ামালের স্পেন। তারা কি পারবে? কার হাতে উঠবে ট্রফি? কে পাবে বিশ্বজয়ের স্বাদ? খেলা রাত ১২:৩০ থেকে। খেলা দেখা যাবে ইউনাইট৮ স্পোর্টস চ্যানেল ও জি৫ অ্যাপে।
আজ দিনভর কলকাতায় ঠাসা কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। উত্তরবঙ্গের কর্মসূচি সেরে শনিবার রাতেই কলকাতায় পৌঁছোন তিনি। রাতে ছিলেন সৌজন্যে। রবিবার সকালে সেখানেই আইনশৃঙ্খলা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুরে জাতীয় গ্রন্থাগারে যাবেন তিনি। ওই কর্মসূচি সেরে শাহ পৌঁছে যাবেন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। সেখান থেকে এক দুগ্ধ সংস্থার কারখানার ভার্চুয়াল শিলান্যাস করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগে আজ সর্বদল বৈঠক ডেকেছে কেন্দ্র। সকাল ১১টায় সংসদ ভবনের মেন কমিটি রুমে শুরু হবে বৈঠক। তৃণমল থেকে আলাদা হয়ে যাওয়া ‘বিদ্রোহী’ শিবির (এনসিপিআই)-কেও ডাকা হয়েছে সর্বদল বৈঠকে। আমন্ত্রণ পেয়েছেন এনসিপিআই-এর লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূল থেকে বিচ্ছিন্ন হওয়ার সময়েই তাঁরা এনডিএ-কে সমর্থনের বার্তা দেন। তৃণমূলের পাশাপাশি শিবসেনা (উদ্ধব)-এও ভাঙন ধরেছে। আম আদমি পার্টির রাজ্যসভার সাত ‘বিদ্রোহী’ও যোগ দিয়েছেন বিজেপিতে। পরিবর্তিত রাজনৈতিক সমীকরণে এই সর্বদল বৈঠক আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। মঙ্গলবার থেকে বৃষ্টি আবার বাড়তে পারে। সেই সঙ্গে প্রবল দুর্যোগের লাল সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে শহরে আগামী সোমবার পর্যন্ত আবহাওয়ার কোনও সতর্কতা নেই। মঙ্গলবার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে কলকাতায়।