দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
ইংল্যান্ড এবং তার আগে দুর্বল আয়ারল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজে হারার পর অবশেষে জিতেছে ভারত। জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ় এক ম্যাচ বাকি থাকতেই জিতে নিয়েছেন শ্রেয়স আয়ারেরা। আজ জ়িম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করার পালা ভারতের। বৈভব সূর্যবংশীরা কি পারবে? খেলা বিকেল ৪:৩০ থেকে। খেলা দেখা যাবে ইউনাইট৮ চ্যানেল ও ফ্যানকোড অ্যাপে।
আজ ‘মন কী বাত’ কর্মসূচিতে দেশবাসীর উদ্দেশে বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছাত্র-যুবদের বিক্ষোভের জেরে শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ ছেড়েছেন ধর্মেন্দ্র প্রধান। ‘ককরোচ জনতা পার্টি’র সব দাবি মেনে নিয়েছে কেন্দ্র। প্রশ্নফাঁস রুখতে সোমবার সংসদে বিল পেশ করতে পারে মোদী সরকার। তার আগে রবিবারের ‘মন কী বাত’-এ দেশের তরুণদের উদ্দেশে কোনও বার্তা দেবেন কি প্রধানমন্ত্রী?
আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।