টেলি যোগাযোগে ব্যবহার করছেন এয়ারটেলের সিমকার্ড? স্মার্টফোনে ডাউনলোড করা আছে পারপ্লেক্সিটি প্রো? চলতি বছরের জুলাই থেকেই এর জন্য বাড়তি টাকা কাটতে পারে সংস্থা। সংশ্লিষ্ট অ্যাপটি ব্যবহার না করলেও ওই অর্থ দিতে হতে পারে গ্রাহককে। এই গোলকধাঁধা থেকে বেরিয়ে আসার আছে একটি সহজ উপায়। আনন্দবাজার ডট কম-এর প্রতিবেদনে রইল তার হদিস।
গত এক বছর ধরে বিনামূল্যে গ্রাহকদের পারপ্লেক্সিটি প্রো ব্যবহার করতে দিচ্ছে এয়ারটেল। কিছু দিনের মধ্যেই সেই সময়সীমা শেষ হওয়ার কথা রয়েছে। টেক বিশ্লেষকদের দাবি, তার পর সংশ্লিষ্ট প্রযুক্তিটি ব্যবহার না করলেও টাকা কাটতে পারে ওই টেলি পরিষেবা সংস্থা। আর তাই খরচ বাঁচাতে অ্যাপটিতে ঢুকে সেটাকে বাতিল করতে হবে ব্যবহারকারীকে।
টেক বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, এর জন্য মোট পাঁচটি পদক্ষেপ করতে হবে তাঁদের। প্রথমেই, পারপ্লেক্সিসিতে লগ ইন করতে বলেছেন তাঁরা। সেখানে ঢুকে করতে হবে প্রোফাইল ট্যাগ। তৃতীয় ধাপে সাবস্ক্রিপশনের ভিতরে ঢুকে ভিউ ডিটেলস বিকল্পটিতে যেতে হবে গ্রাহককে। সেটাকে নির্বাচিত করে বাতিল করলে শেষ হবে প্রথম পর্যায়ের কাজ।
দ্বিতীয় পর্যায়ে কন্টিনিউ বিকল্পটিকে ট্যাগ করবেন গ্রাহক। এর পর কনফার্ম বিকল্পটিকে বেছে নিতে হবে তাঁদের। এইটুকু কাজ হয়ে গেলে পারপ্লেক্সিটির জন্য আর কোনও টাকা কাটবে না এয়ারটেল। উল্লেখ্য, গত বছরের (২০২৫ সাল) ১৭ জুলাই থেকে বিনামূল্যে সংশ্লিষ্ট অ্যাপটি ব্যবহার করতে দিয়েছে এই টেলি যোগাযোগ সংস্থা। ফলে এ বছরের ১৭ জুলাইয়ের পর সেই সুবিধা আর পাবেন না গ্রাহক।