বিতর্কিত ‘পলিশিং ক্লথ’ পুনরায় বাজারে আনল অ্যাপল। তবে এ বার পরিষ্কার করার কাপড়টির দাম কমিয়ে ৯ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৯০০ টাকা) করেছে তথ্যপ্রযুক্তি সংস্থাটি। এই ‘অ্যাক্সেসরিজ়’টি বা অনুষঙ্গটি মূলত ২০২১ সালে চড়া দামে বাজারে ছাড়া হয়েছিল। তখন কাপড়ের টুকরোটির দাম ছিল ১৯ ডলার। তার পরেই বিতর্ক মাথা চাড়া দিয়ে ওঠে। ন্যানো-টেক্সচার ডিসপ্লেতে কোনও দাগ বা আঁচড় না ফেলেই পরিষ্কার করার উপযোগী করে তৈরি এই কাপড়টির উচ্চমূল্য নিয়ে শুরুতে বিস্ময় এবং সমালোচনা থাকলেও, বাজারে আসার পরপরই এটির প্রায় সবই বিক্রি হয়ে গিয়েছিল।
আরও পড়ুন:
‘পলিশিং ক্লথ’টি আসলে অ্যাপলের লোগোযুক্ত একটি মাইক্রো-সুয়েড কাপড় ছাড়া কিছুই নয়। আর সে কারণেই একটি কাপড়ের টুকরোর জন্য ওই দাম নির্ধারিত হওয়ায় তা নিয়ে বিতর্ক মাথাচাড়া দিয়েছিল। শুরুতে দাম নিয়ে বিস্ময়-বিতর্ক থাকলেও, বাজারে আসার পর নির্ধারিত সময়ের তিন মাস আগেই অ্যাপলের এই পলিশিং ক্লথগুলি বিক্রি হয়ে যায়। ২০২২ সালের জানুয়ারিতে এটি আবার বাজারে ফিরে আসে এবং তখন থেকেই নিয়মিত পাওয়া যাচ্ছে। তবে সেই কাপড়ই এখন মাত্র ৯ ডলারে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। অ্যাপলের অনলাইন স্টোর থেকে ওই দামে বিক্রি হচ্ছে কাপড়ের টুকরোটি, যা এর মূল দামের তুলনায় ৫৩% কম। অ্যাপল কার্ড ব্যবহারকারী হলে ক্যাশব্যাকও পাওয়া যাবে কেনাকাটার উপর।
আরও পড়ুন:
অ্যাপলের ‘পলিশিং ক্লথ’টি সংস্থার অনেক ডিভাইসের সঙ্গে ব্যবহার করা যায়। ১৪০টিরও বেশি ভিন্ন ডিভাইস পরিষ্কার করতে ব্যবহার করা যেতে পারে অত্যাধুনিক কাপড়ের টুকরোটি, যার মধ্যে রয়েছে একেবারে নতুন ম্যাকবুক থেকে শুরু করে পুরনো আইফোন ৫-এর মতো ডিভাইসও। এই বিশাল তালিকায় অ্যাপল ওয়াচের প্রতিটি মডেলও অন্তর্ভুক্ত রয়েছে।