Advertisement
E-Paper

১৮, ১৮ প্রো-এর সঙ্গেই আসছে ‘আইফোন ফোল্ড’? বাদ পড়তে পারে গুরুত্বপূর্ণ ফিচার? অপেক্ষা আর কয়েক ঘণ্টার

সম্প্রতি নানা প্রতিবেদনে উঠে এসেছে আইফোন ১৮, ১৮ প্রো এবং আইফোন ফোল্ডের তুল্যমূল্য বিশ্লেষণ। দাবি করা হয়েছে, ভাঁজ করা আইফোনে কিছু গুরুত্বপূর্ণ ফিচার বাদ পড়তে পারে। বিশেষ করে, পাতলা নকশার কারণে ক্যামেরা ও কিছু প্রযুক্তির ক্ষেত্রে আইফোন ১৮ প্রো-এর তুলনায় ভাঁজ করা আইফোন কিছুটা পিছিয়ে থাকতে পারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪০

ছবি: সংগৃহীত।

কেমন দেখতে হবে আইফোন-১৮ বা আইফোন-১৮ প্রো, তা নিয়ে অ্যাপ্‌লপ্রেমীদের উৎসাহ তুঙ্গে। ৯ সেপ্টেম্বর ১৮ সিরিজ়ের আইফোন বাজারে আনবে নির্মাতা সংস্থা মার্কিন টেক জায়ান্ট অ্যাপ্‌ল। এ ছাড়াও আইফোন ব্যবহারকারীরা আরও একটি ফোনের জন্য অধীর ভাবে অপেক্ষা করছেন। সেটি হল ভাঁজ করা আইফোন। সেটিও আত্মপ্রকাশ করতে পারে ওই দিনই। ভাঁজ করা ডিভাইসটির নাম আইফোন আল্ট্রা। আইফোনের নতুন সংস্করণটি কেমন দেখতে হতে পারে, এতে কী নতুন বৈশিষ্ট্য আনতে পারে নির্মাতা সংস্থা, সে সব নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই। কিন্তু গ্যাজেট বিশ্লেষকদের দাবি, অ্যাপ্‌লের পরিকল্পনা নাকি একেবারেই অন্যরকম।

সম্প্রতি একটি প্রতিবেদনে উঠে এসেছে আইফোন ১৮, ১৮ প্রো এবং আইফোন আল্ট্রার তুল্যমূল্য বিশ্লেষণ। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভাঁজ করা আইফোনে কিছু গুরুত্বপূর্ণ ফিচার বাদ পড়তে পারে। সেই বৈশিষ্ট্য আইফোন ১৮ প্রো মডেলে পাওয়া যাবে। বিশেষ করে, পাতলা নকশার কারণে ক্যামেরা ও কিছু প্রযুক্তির ক্ষেত্রে আইফোন ১৮ প্রো-এর তুলনায় ভাঁজ করা আইফোন কিছুটা পিছিয়ে থাকতে পারে। প্রযুক্তি বিশেষজ্ঞদের অনুমান, ভাঁজ করা আইফোনে অনুপস্থিত থাকতে পারে ফেস আইডির বৈশিষ্ট্য। প্রতিবেদনে বলা হয়েছে, ফোনটি পুরোপুরি খুললে তা চওড়ায় প্রায় ৪.৫ মিমি হতে পারে। এত পাতলা হওয়ায় ফেস আইডির জন্য প্রয়োজনীয় প্রযুক্তি বসানোর মতো পর্যাপ্ত জায়গা নাও থাকতে পারে। তাই এই ফোনে সম্ভবত ‘টাচ আইডি সাইড বাটনে’ ফিরে যাবে অ্যাপ্‌ল।

ক্যামেরার ক্ষেত্রেও ভাঁজ করা আইফোনটি আইফোন ১৮ প্রো-এর তুলনায় কিছুটা পিছিয়ে থাকতে পারে। ফাঁস হওয়া তথ্য ও ডামি ইউনিট দেখে অনেকের ধারণা, ফোনটির পিছনে দু'টি ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে। একটি ওয়াইড এবং অন্যটি আলট্রাওয়াইড ক্যামেরা। অর্থাৎ, এতে আলাদা টেলিফোটো ক্যামেরা নাও থাকতে পারে। ফোনটিকে খুব পাতলা রাখার জন্যই এই সীমাবদ্ধতা। ফলে আইফোন ১৮ প্রো-এর তুলনায় ভাঁজ করা ফোনটির ক্যামেরা দিয়ে দূরের ছবি তোলা বা বিভিন্ন ধরনের শট নেওয়ার সুবিধা কিছুটা কমতে পারে।

অ্যাপলের নতুন ভাঁজ করা আইফোনেও ফিজিক্যাল সিম কার্ডের বদলে শুধু ই-সিম কার্ডের ব্যবস্থা থাকতে পারে বলে ধারণা। বিশ্লেষক মিং-চি কুও এবং সাংবাদিক মার্ক গুরম্যানের তথ্য অনুযায়ী, ‘আইফোন আল্ট্রা’-তে কোনও সিম কার্ড স্লট নাও থাকতে পারে।

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy