এআই দুনিয়ায় বড় চমক আনল গুগ্ল! আত্মপ্রকাশ করল মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থার পরবর্তী প্রজন্মের অত্যাধুনিক এআই মডেল। ‘জেমিনি ৩.৫ প্রো’-এর আত্মপ্রকাশে দেরি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় গুগ্ল পিছিয়ে পড়ছে— এমন জল্পনার মধ্যেই এআই নিয়ে বড়সড় ঘোষণা করল সংস্থাটি। পোশাকি নামে ‘জেমিনি ৪ আর্গন’। গুগ্লের দাবি, এটি এখনও পর্যন্ত তাদের তৈরি করা সবচেয়ে শক্তিশালী এআই মডেল। কোডিং থেকে পেশাগত কাজ, এমনকি সাইবার নিরাপত্তার মতো জটিল ক্ষেত্রে কাজ করার জন্য বিশেষ পারদর্শী এই ম়ডেলটি। ফলে ‘জেমিনি ৪ আর্গন’ ঘিরে ইতিমধ্যেই প্রযুক্তিমহলে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
শুধুমাত্র সাধারণ প্রশ্নের উত্তর দেওয়া নয়, বাস্তব দুনিয়ার কঠিন ও দক্ষতানির্ভর কাজেও আর্গনকে আরও শক্তিশালী করে তোলার লক্ষ্য নিয়েছে গুগল। প্রতিদিনের কর্মক্ষেত্রে এআই-এর ব্যবহার আরও দ্রুত ও কার্যকর করার ক্ষেত্রে আর্গন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছে গুগ্ল। ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পাল্লা দিতে গুগ্ল সামনে আনল তাদের এই নতুন এআই মডেল ‘জেমিনি ৪ আর্গন’।
‘জেমিনি ৩.৫ প্রো’-এর আত্মপ্রকাশের দেরির খবর ছড়িয়ে পড়ার পর থেকেই গুগ্লের এআই কৌশল নিয়ে নানা জল্পনা শুরু হয় প্রযুক্তি মহলে। এরই মধ্যে গুগ্লের সিইও সুন্দর পিচাই এক্স-এ পোস্ট করে সেই জল্পনার জবাব দিলেন। তিনি জানান, পরবর্তী মডেল নিয়ে সমস্ত জল্পনায় জল ঢালতেই ‘জেমিনি ৪ আর্গন’ সামনে আনা হয়েছে। পিচাইয়ের দাবি, নতুন এই মডেল জটিল কর্মপদ্ধতি, সাইবার প্রতিরক্ষা এবং সফ্টঅয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখাতে সক্ষম। তাঁর এই ঘোষণার পর ‘জেমিনি ৪ আর্গন’কে ঘিরে প্রযুক্তিমহলে আগ্রহ আরও বেড়েছে।
গুগ্লের দাবি, নির্দিষ্ট কিছু জটিল কাজে ‘জেমিনি ৪ আর্গন’ বিশ্বের অন্যতম উন্নত এআই মডেলগুলির সঙ্গে পাল্লা দিতে সক্ষম। এমনকি কিছু ক্ষেত্রে ‘জিপিটি ৬ অ্যাসট্রা’ এবং ‘ক্লড ফেবল ৫’-এর মতো প্রতিদ্বন্দ্বী মডেলকে ছাপিয়ে যেতে পারে বলে দাবি করেছে সংস্থাটি। তবে আপাতত সবার জন্য নয়, প্রাথমিক পর্যায়ে বাছাই করা সীমিত সংখ্যক ব্যবহারকারীর কাছেই পৌঁছোচ্ছে এই নতুন মডেল। সাধারণ ব্যবহারকারীদের জন্য নয়, সাইবার নিরাপত্তার ক্ষেত্রেও ‘জেমিনি ৪ আর্গন’-এর বিশেষ প্রয়োগের পরিকল্পনা করেছে গুগ্ল। সংস্থাটি জানিয়েছে, তাদের ‘ফেয়ারউইন্ড’ প্রকল্প এবং মার্কিন সরকারের সহযোগিতায় নির্বাচিত একদল বিশ্বস্ত সাইবার প্রতিরক্ষা বিশেষজ্ঞদের হাতে মডেলটি তুলে দেওয়া হচ্ছে।