বাজারে এ বার মেগা এন্ট্রি নিল রোবটিক ক্যামেরা স্মার্টফোন। তাতে ছবি ও ভিডিয়োকে আরও বেশি ঝকঝকে করে তুলতে চলচ্চিত্রের প্রযুক্তি ব্যবহার করেছে নির্মাণকারী সংস্থা। শুধু তা-ই নয়, গান চালালে সুরের তালে তালে নাচবে সংশ্লিষ্ট ডিভাইস! এ-হেন স্মার্টফোন কিনতে খরচ হবে কত? আনন্দবাজার ডট কম-এর এই প্রতিবেদনে রইল তার হদিস।
বুধবার, ১২ অগস্ট নতুন প্রজন্মের একটি রোবটিক ক্যামেরা ফোন চিনের বাজারে আনে অনার। তার ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সেই ভিডিয়ো অনুযায়ী, ফোনটির পিঠের দিকে আছে একটি গিম্বল ক্যামেরা। কোনও কিছুকে লেন্সবন্দি করার সময় বাইরের দিকে বেরিয়ে আসতে পারে সেটি। ফলে ক্যামেরাটিকে ব্যাক ও রিয়ার, দু’ভাবেই ব্যবহার করতে পারবেন গ্রাহক।
চিনা সংস্থা অনার জানিয়েছে, রোবটিক ক্যামেরা স্মার্টফোনে থাকছে কৃত্রিম মেধা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই)। ফলে ব্যবহারকারী যে দিকে নড়াচড়া করুন না কেন, ঝকঝকে ছবি তুলতে কোনও সমস্যা হবে না। শুধু তা-ই নয়, সর্ব ক্ষণ লেন্স তাঁকে অনুসরণ করতে পারবে। পাশাপাশি, গান চালালে সুরের তালে তালে কোমর দোলাতে দেখা যাবে রোবট-ক্যামেরাকে।
আর তাই বিশ্লেষকদের একাংশের দাবি, যাঁরা ইনস্টাগ্রামে রিল্স বানাচ্ছেন, তাঁদের জন্য আদর্শ হতে পারে এই ফোন। এতে একাধিক উন্নত প্রযুক্তিগত সুবিধা পাবেন গ্রাহক। উদাহরণ হিসাবে ডিভাইসটিতে থাকছে টেলিফোটো লেন্স ও কোয়ালকমের প্রসেসার।
তবে সমস্যার জায়গা হল ফোনের দাম। চিনের বাজারে স্থানীয় মুদ্রায় অনারের ডিভাইসটি বিক্রি হচ্ছে এক লাখ টাকায়। অর্থাৎ, ভারতে এর দর দুই থেকে আড়াই লাখ টাকায় গিয়ে পৌঁছোবে। ফলে অনার শেষ পর্যন্ত স্মার্টফোনটিকে এ দেশের বাজারে আনবে কি না, তা নিয়ে বেশ সন্দেহ রয়েছে। তবে ডিভাইসটির রিব্র্যান্ডিং করে এখানকার ব্যবহারকারীদের চমকে দিতে পারে ভিভো, অপো বা রিয়্যালমি।