Advertisement
E-Paper

অ্যাপ হোক বা চিপ, গোটাটাই নিজের ঘরে বানিয়ে কম্পিউটার-ল্যাপটপের মার্কিন মৌরসিপট্টায় ‘থাবা’ চিনা সংস্থার!

কম্পিউটার-ল্যাপটপের বাজারে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য এ বার ভাঙতে চলেছে চিনা সংস্থা হুয়াওয়েই। নিষেধাজ্ঞা সত্ত্বেও ওই দুই যন্ত্রের অ্যাপ থেকে চিপ, সব কিছু নিজে তৈরির সিদ্ধান্ত নিয়েছে তারা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৬ ১৮:০৫
Laptop

ছবি: সংগৃহীত।

কম্পিউটার-ল্যাপটপের দুনিয়ায় মার্কিন জায়ান্টদের আধিপত্য ভাঙতে আসরে চিন। রীতিমতো অনুষ্ঠান করে মাইক্রোসফ্‌ট, ইনটেল বা অ্যাপ্‌লের মতো যুক্তরাষ্ট্রের সংস্থাগুলির খোলা চ্যালেঞ্জ জানাল হুয়াওয়েই। শুধু তা-ই নয়, নিজেদের চিপেই পণ্য উৎপাদন করছে তারা। ফলে বেজিঙের প্রতিষ্ঠানটির এক নম্বরে উঠে আসা কঠিন নয়, বলছে পর্যবেক্ষক মহল।

সম্প্রতি, চিনের মাটিতেই একটি অনুষ্ঠানের আয়োজন করে হুয়াওয়েই। সেখানে নিজেদের তৈরি কম্পিউটার-ল্যাপটপের প্রযুক্তিগত বাস্তুতন্ত্র তুলে ধরে তারা। বছরখানেক আগে অ্যাপ্‌ল ম্যাকবুকের মতো একটি ল্যাপটপ বাজারে আনে বেজিঙের এই সংস্থা। তাতে হুয়াওয়েইয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম ‘হারমোনি ওএস’-এর সুবিধা পাচ্ছিলেন গ্রাহক।

এ ছাড়া, ওই ল্যাপটপে কোনও মার্কিন সংস্থার চিপ ব্যবহার করেনি ওই চিনা সংস্থা। প্রসেসার হিসাবে ছিল ‘কিরিন’ নামের সেমিকন্ডাক্টর। সেটিও নিজের হাতে তৈরি করেছে হুয়াওয়েই। যদিও এখনই মাইক্রোসফ্‌ট, অ্যাপ্‌ল বা ইনটেলকে টেক্কা দেওয়ার জায়গায় দাঁড়িয়ে নেই তারা।

সূত্রের খবর, কম্পিউটার-ল্যাপটপে ব্যবহার হওয়া যাবতীয় অ্যাপের ফোটোকপি তৈরির পরিকল্পনা রয়েছে এই চিনা সংস্থার। বর্তমানে ১৯,০০০ বেশি অ্যাপ হাতে আছে তাদের। ফলে খুব সহজেই চিনের কম্পিউটার-ল্যাপটপের বাজারের অন্তত ৫০ শতাংশ দখল করে ফেলবে বলে আশাবাদী হুয়াওয়েই।

২০১৯ সালে প্রযুক্তি চুরি-সহ একাধিক অভিযোগের ভিত্তিতে চিনা সংস্থাটির উপর নিষেধাজ্ঞা চাপিয়ে দেয় আমেরিকা। তাতে অবশ্য একেবারেই দমে যায়নি এই চিনা সংস্থা। বরং নতুন নতুন গবেষণায় জোর দিতে দেখা গিয়েছে তাদের। গত বছর (পড়ুন ২০২৫ সাল) তিন ভাঁজের স্মার্টফোন বাজারে এনে হইচই ফেলে দেয় তারা।

মার্কিন নিষেধাজ্ঞার জাঁতাকলে পড়ে ভারতের বাজারে কোনও পণ্য বিক্রি করতে পারে না হুয়াওয়েই। বিশেষজ্ঞদের দাবি, যে ভাবে কম্পিউটার-ল্যাপটপের প্রতিটি যন্ত্রাংশ এবং প্রযুক্তি তারা তৈরি করছে, তাতে মাইক্রোসফ্‌ট, অ্যাপ্‌ল বা ইনটেলের গুমর ভাঙার সম্ভাবনা প্রবল। তবে বাস্তবে সেটা হয় কি না, সেটাই এখন দেখার।

Huawei computer laptop Microsoft Apple Tech tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy