উৎসবের মরসুমে ‘ফ্ল্যাগশিপ’ স্মার্টফোনের নতুন সিরিজ় বাজারে আনছে আইকু। ১৬ সিরিজ়ের ওই মডেল কিনতে মোটা টাকা খসবে গ্রাহকের। সংশ্লিষ্ট মুঠোবন্দি ডিভাইসে কী কী সুবিধা পাবেন ব্যবহারকারী? কেন হঠাৎ চড়া দামে এ দেশে স্মার্টফোন বিক্রির সিদ্ধান্ত নিল চিনের নির্মাণকারী সংস্থা? আনন্দবাজার ডট কম-এর এই প্রতিবেদনে রইল তার হদিস।
চলতি বছরের ২৯ সেপ্টেম্বর থেকে চিনের বাজারে ১৬ সিরিজ়ের স্মার্টফোন বিক্রি শুরু করবে আইকু। এর কয়েক দিন পর থেকে ভারতীয়েরা কিনতে পারবেন ওই মডেল। চিনা সংস্থাটির তৈরি মুঠোবন্দি ডিভাইসে ৬.৮৫-ইঞ্চির ২কে রেজোলিউশনের ওলেড ডিসপ্লে পাবেন গ্রাহক, যার রিফ্রেশ রেট ১৬৫হার্ৎজ় বলে জানা গিয়েছে।
এ ছাড়া, আইকু ১৬ সিরিজ়ের স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগনের ষষ্ঠ প্রজন্মের ৮ এলিট প্রসেসার, ৮৪০০-৮৫০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০-১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা পাবেন ব্যবহারকারী। মডেলগুলির পিঠের দিকে থাকছে ৫০ মেগাপিক্সলের তিনটি ক্যামেরা। পাশাপাশি, নিজস্বীর জন্য ৫০ মেগাপিক্সলের একটি লেন্সও এতে সংযুক্ত করেছে নির্মাণকারী চিনা সংস্থা।
প্রযুক্তিবিদদের দাবি, ভারতের বাজারে এক লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে আইকু ১৬ সিরিজ়ের স্মার্টফোনের প্রারম্ভিক মূল্য। মডেলগুলির দাম এতটা বেশি হওয়ার নেপথ্যে একাধিক কারণকে চিহ্নিত করেছেন তাঁরা। তার মধ্যে অন্যতম হল কাঁচামাল ও যন্ত্রাংশের মূল্যবৃদ্ধি। তবে, মূল প্রতিযোগী ‘অনুপস্থিত’ থাকায় চিনা সংস্থাটি বড় ধরনের সুবিধা পেতে চলেছে বলেই মনে করা হচ্ছে।
টেক বিশ্লেষকদের দাবি, আইকু ১৬ সিরিজ়ের স্মার্টফোনকে একমাত্র টেক্কা দিতে পারে ওয়ানপ্লাসের ১৬ মডেল। যদিও ওই মুঠোবন্দি ডিভাইস এ দেশের বাজারে আসছে না বলেই সূত্র মারতৎ মিলেছে খবর। সেই জায়গায় ভারতে ১৬আর মডেলটি বিক্রি করতে পারে ওয়ানপ্লাস। ফলে বেশি দামি স্মার্টফোনের বাজার একচেটিয়া ভাবে নিজেদের দখলে থাকবে বলেও মনে করছে আইকু।