কথায় বলে, ঘোড়া দেখলেই খোঁড়া। কৃত্রিম মেধার (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই) দাপটে সেই দশাই কি হচ্ছে মানুষে? সম্প্রতি, একটি সমীক্ষায় এ-হেন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসার পর দুনিয়া জুড়ে পড়ে যায় শোরগোল। তাতে উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানী থেকে প্রযুক্তিবিদেরা।
চলতি বছরেই মানুষের এআই নির্ভরতা নিয়ে সমীক্ষা চলে পোল্যান্ডে। এর জন্য বেছে নেওয়া হয় বেশ কয়েক জন চিকিৎসককে। তাঁদের কৃত্রিম মেধা প্রযুক্তি ব্যবহার করে কোলোনোস্কপির ছবি বিশ্লেষণ করতে বলে সমীক্ষক দল। এতে অভ্যস্থ হয়ে গেলে এআই ছাড়া একই কাজ দেওয়া হয় তাঁদের। এই পরীক্ষাতেই উঠে আসে বিস্ফোরক রিপোর্ট।
সমীক্ষকদের দাবি, কৃত্রিম মেধা প্রযুক্তি ব্যবহার না করে কোলোনোস্কপির ছবি বিশ্লেষণ করতে পারছিলেন ২৮.৪ শতাংশ চিকিৎসক। এআইতে অভ্যস্ত হয়ে যাওয়ার পর সেই সংখ্যা হ্রাস পেয়ে নেমে আসে ২৪.৮ শতাংশে। ফলে মানুষ যে ধীরে ধীরে অত্যধিক কৃত্রিম মেধা নির্ভর হয়ে পড়ছে, তা বলাই বাহুল্য।
এই পরিস্থিতিতে সচেতন ভাবে কৃত্রিম মেধা প্রযুক্তি ব্যবহারে জোর দিচ্ছে ভারত। সেই লক্ষ্যে চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘যুব এআই ফর অল’ নামের একটি পোর্টাল চালু করে কেন্দ্র। সেখানে নিখরচায় কৃত্রিম মেধার প্রয়োগ কী ভাবে এবং কোথায় করা উচিত, তা শেখার সুযোগ পাচ্ছে এ দেশের তরুণ প্রজন্ম।
আরও পড়ুন:
কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট পোর্টালে পড়ুয়াদের জন্য রয়েছে অনলাইন ক্লাসের সুবিধা। তবে শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের জন্য এই প্রশিক্ষণ চালু রয়েছে এমনটা নয়। দেশের যে কোনও নাগরিক সংশ্লিষ্ট পোর্টালে ঢুকে এআইয়ের উচিত-অনুচিত বিষয়টি শিখে নিতে পারবেন।