ফের মোবাইল ফোনের ব্যয় বৃদ্ধি? প্রিপেড বা পোস্টপেডের বিল দেখে চোখ উঠবে কপালে? উৎসবের মরসুমের মুখে সেই ইঙ্গিত মেলায় গ্রাহকদের মাথায় হাত। বিশ্লেষকদের দাবি, এ বার আর ৫-১০ টাকা নয়, একবারে ১২ শতাংশ পর্যন্ত ঊর্ধ্বমুখী হতে চলেছে ফোনের খরচ! যদিও এই নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
চলতি বছরের অগস্টের শেষ সপ্তাহে সংশ্লিষ্ট ইস্যুতে গণমাধ্যমে মুখ খোলেন ‘সেন্ট্রাম ইন্ডিয়া’ নামের আর্থিক সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পীযূষ পাণ্ডে। তাঁর দাবি, আগামী চার থেকে ছ’মাসের মধ্যেই টেলিকম শুল্ক বৃদ্ধি পাবে ১২ শতাংশ। ফলে লাফিয়ে লাফিয়ে বাড়বে পরিষেবার খরচ। তখন বিল বাবদ বেশি টাকা দিতে হবে ব্যবহারকারীদের।
বর্তমানে ভারতে সরকারি এবং বেসরকারি, দু’ধরনের টেলি পরিষেবা রয়েছে। তবে এই বাজারে ভারতী এয়ারটেল, রিলায়্যান্স জিয়ো বা ভোডাফোন আইডিয়ার মতো বেসরকারি সংস্থাগুলির রমরমাই সবচেয়ে বেশি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি প্রত্যেকেই রিচার্জ খরচ বাড়াতে চলেছে বলে স্পষ্ট করেছেন পাণ্ডে।
‘সেন্ট্রাম ইন্ডিয়া’র সিনিয়র ভাইস প্রেসিডেন্টের অবশ্য দাবি, সংস্থাভেদে বিল-বৃদ্ধির অঙ্ক কমবেশি হতে পারে। অর্থাৎ, কোনও প্রতিষ্ঠান রিচার্জ খরচ হয়তো বাড়াল ১০ শতাংশ। সেখানে তার প্রতিদ্বন্দ্বী সংস্থায় সেটা ১১ বা ১২ শতাংশ হতে পারে। অন্য দিকে, বিএসএনএলের মতো রাষ্ট্রায়ত্ত সংস্থা কী করবে, তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন:
পাণ্ডে মনে করেন, এ বছরের নভেম্বর-ডিসেম্বর নাগাদ বৃদ্ধি পাবে টেলিকম শুল্ক। ফলে ওই সময় থেকে মোবাইল ফোনের বিল ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা প্রবল। এর আগে ২০২৪ সালের জুলাইয়ে শেষ বার ব্যাপক ভাবে শুল্ক বৃদ্ধি করেছিল যাবতীয় বেসরকারি টেলিকম সংস্থা।