স্মার্টফোন নির্মাণকারী সংস্থা নাথিংয়ের ইনস্টাগ্রামে নজর পড়তেই চক্ষু চড়কগাছ! সেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ফ্যানদের জন্য একের পর এক করা হচ্ছে পোস্ট, আইপিএলে যে দলের জার্সিতে মাঠে নামেন বিরাট কোহলি। তবে কি সাইবার হামলার শিকার হয়েছে ওই অ্যাকাউন্ট, না কি নেপথ্যে রয়েছে অন্য রহস্য? আনন্দবাজার ডট কম-এর এই প্রতিবেদন রইল তার উত্তর।
সম্প্রতি, ইনস্টাগ্রামে পর পর আরসিবি সংক্রান্ত পোস্ট দেখে, নাথিংয়ের কাছে কারণ জানতে চেয়ে সমাজমাধ্যমে পোস্ট করেন নেটাগরিকদের একাংশ। সঙ্গে সঙ্গে তাঁদের প্রশ্নের জবাব দেয় ওই স্মার্টফোন নির্মাণকারী সংস্থা। জানায়, বিষয়টি সম্পর্কে অবগত আছে তারা। যদিও কোহলির আরসিবিকে নিয়ে লাগাতার পোস্টের কারণ ব্যাখ্যা না করে জল্পনা জিইয়ে রেখেছে নাথিং।
টেক বিশ্লেষকদের দাবি, খুব দ্রুত নতুন একটি স্মার্টফোন বাজারে আনছে সংশ্লিষ্ট ব্রিটিশ সংস্থা, যার পোশাকি নাম ‘ফোর-বি’। এখানে বি শব্দটির অর্থ হল আরসিবি। ফলে মুঠোবন্দি ডিভাইসটিতে থাকবে আইপিএল ফ্র্যাঞ্চাইজ়িটির লোগো। কোহলিদের জার্সির রঙে পাওয়া যাবে ওই ফোন।
নাথিংয়ের ‘ফোর-বি’তে ৬,০০০ এমএইচ ব্যাটারি এবং ৩০ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা পাবেন গ্রাহক। তবে এর গ্লোবাল ভ্যারিয়েন্টে থাকবে ৫,০০০ এমএইচ ব্যাটারি। পাশাপাশি, ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামুলেট ডিসপ্লে এবং স্ন্যাপড্রাগন ৬ জ়েন ফোন প্রসেসারে সংশ্লিষ্ট ডিভাইসটিতে সাজিয়েছে নির্মাণকারী ব্রিটিশ সংস্থা।
বাজারে আসতে চলা ‘ফোর-বি’র পিঠের দিকে থাকবে দু’টি ক্যামেরা। সেগুলি যথাক্রমে ৫০ এবং ৮ মেগাপিক্সলের। এ ছাড়া ১৬ মেগাপিক্সলের একটি সেলফি ক্যামেরা পাবেন ব্যবহারকারী। নাথিংয়ের ফোনটির দাম ৩০ হাজার টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে। চলতি বছরের ৭ জুলাই, মঙ্গলবার থেকে যা কিনতে পারবেন গ্রাহক।