Advertisement
E-Paper

অ্যাপ্‌ল বনাম স্যামসাং! ‘আইফোন ডুয়ো’ প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে কটাক্ষের বন্যা বইয়ে দিল প্রতিদ্বন্দ্বী সংস্থা!

২০১৯ সাল থেকেই গ্যালাক্সি ফোল্ডের মাধ্যমে এই প্রযুক্তির ফোন বাজারে আনছে স্যামসাং। তার পর থেকেই একের পর এক ভাঁজকরা যন্ত্রের সংস্করণ তৈরি করেছে তারা, এমনটাই দাবি কোরীয় সংস্থাটির। তাই ভাঁজ করা ফোনের দুনিয়ায় অ্যাপল পা রাখতেই ধেয়ে এসেছে প্রতিদ্বন্দ্বী সংস্থার কটাক্ষ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫২

ছবি: এআই সহায়তায় তৈরি।

অ্যাপ্‌লের ‘ত্রয়ী’র আবির্ভাব একসঙ্গে। তার মধ্যে একটি পণ্য বাজারে আসতেই ঝ়়ড় উঠেছে প্রযুক্তির দুনিয়ায়। মার্কিন টেক জায়ান্টের প্রথম ভাঁজ করা ফোন ‘আইফোন ডুয়ো’কে নিয়ে মাতামাতির অন্ত নেই। অ্যাপ্‌লের প্রথম ভাঁজ করা ফোন আত্মপ্রকাশ করায় স্যামসাঙের একচ্ছত্র আধিপত্য কিছুটা হলেও খর্ব হতে পারে বলে মনে করছেন অনেকেই। আইফোন ডুয়োর প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই বিবৃতি দিয়েছে অ্যাপ্‌লের প্রবল প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার (রিপাবলিক অফ কোরিয়া) প্রযুক্তি সংস্থা স্যামসাং। অ্যাপ্‌লের নতুন ভাঁজ করা আইফোনকে কটাক্ষ করে তারা জানিয়েছে এই ধরনের ফোনের পথপ্রদর্শক স্যামসাংই। এই প্রযুক্তি তাদের কাছে নতুন কিছু নয়।

২০১৯ সাল থেকেই গ্যালাক্সি ফোল্ডের মাধ্যমে এই প্রযুক্তির ফোন বাজারে এনেছে স্যামসাং। তার পর থেকেই একের পর এক ভাঁজকরা যন্ত্রের সংস্করণ তৈরি করেছে তারা, এমনটাই দাবি কোরীয় সংস্থাটির। স্যামসাংয়ের সাম্প্রতিক ভাঁজ করা ফোন ‘গ্যালাক্সি জ়েড ফোল্ড ৮’-এর মতো আইফোন ডুয়ো-তেও লম্বা ও সরু নকশার বদলে খাটো ও চওড়া নকশা ব্যবহার করা হয়েছে। ফোনটি বইয়ের মতো মাঝখান থেকে খুললে স্ক্রিনটি বড় হয়ে যায়। বুধবার রাতে অ্যাপ্‌লের তিনটি ফোন-সহ মোট পাঁচটি পণ্য বাজারে এনেছে। তার পরই সমাজমাধ্যম পোস্ট করে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে স্যামসাং। প্রতিদ্বন্দ্বী সংস্থাকে কটাক্ষ করে স্যামসাঙের পোস্ট, “আমাদের বাসি খাবার গরম করা হয়ে গেলে জানাবেন।” আরও একটি পোস্টে ‘আইফোন ডুয়ো’-কে নিশানা করে স্যামসাং লিখেছে, “আমাদের অপেক্ষা করাচ্ছ? বেশ। আমরা এখানেই থাকব, তিন ভাগে ভাগ হয়ে।” অন্য একটি পোস্টে স্যামসাং অ্যাপ্‌লের ভাঁজ করা ফোনকে নতুন কোনও প্রযুক্তি হিসেবে তুলে ধরার বিষয়টি নিয়েও কটাক্ষ করেছে। সেই পোস্টে স্যামসাং লিখেছে, “বিষয়টা বেশ পরিচিত লাগছে। এটা কি ‘দ্য সিমস’-এর সিক্যুয়েল?”

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই গ্যালাক্সি জ়েড ফোল্ড ৬-এর মতো ভাঁজ করা স্মার্টফোন বাজারে এনেছে স্যামসাং। অ্যাপ্‌লের নতুন আইফোনের নকশা ও পরিবর্তন নিয়ে স্যামসাঙের বক্তব্য, এখনও পর্যন্ত আইফোনের ফোল্ডেবল ফোনটির প্রথম ঝলকের সামনে আসার পর দেখা যাচ্ছে, তাতে খুব একটা নতুন কিছু যোগ করা হয়নি। স্যামসাং নিজেদের ট্রাই-ফোল্ড ফোনের দিকে ইঙ্গিত করে বোঝাতে চেয়েছে যে, অ্যাপ্‌ল যখন প্রথম ফোল্ডেবল ফোন আনছে, তখন স্যামসাং ইতিমধ্যেই তিন ভাগে ভাঁজ হওয়া ফোনের প্রযুক্তি নিয়ে এগিয়ে রয়েছে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশের মতে স্যামসাঙের এই উপহাসের অন্যতম বড় কারণ হল ভাঁজ করা ফোনের বাজারে তাদের দীর্ঘ অভিজ্ঞতা। সংস্থাটি ২০১৯ সালে প্রথম গ্যালাক্সি ফোল্ড বাজারে আসে। এর পর একাধিক প্রজন্মের ভাঁজ করা ফোন তৈরি করেছে। অন্য দিকে, আইফোন ডুয়ো-ই অ্যাপ্‌লের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন। তাদের তৈরি করা একটি বাজারে অ্যাপ্‌ল বেশ কিছুটা দেরিতেই পা রেখেছে বলে দাবি তুলেছে স্যামসাং।

I Phone Samsung Foldable Smart Phone

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy