এ বার স্যামসাঙের স্মার্টফোনে আইফোনের ক্যামেরা! নতুন মডেল বাজারে আসার আগে সেই ইঙ্গিত মেলায় টেক দুনিয়ায় পড়েছে শোরগোল। প্রযুক্তিবিদদের দাবি, সেলফি ক্যামেরার ক্ষেত্রে মার্কিন টেক জায়ান্টকে দক্ষিণ কোরীয় সংস্থাটি প্রায় ছুঁতে চলেছে বললে অত্যুক্তি হবে না। কী ভাবে? আনন্দবাজার ডট কম-এর এই প্রতিবেদনে রইল তার হদিস।
সূত্রের খবর, আগামী বছরের (পড়ুন ২০২৭ সাল) জানুয়ারি বা ফেব্রুয়ারিতে গ্যালাক্সি সিরিজ়ের নতুন স্মার্টফোন বাজারে আনবে স্যামসাং। নাম, এস-২৭। টেকগুরুদের একাংশের দাবি, তাতে আইফোনের মতোই বর্গক্ষেত্রাকার ১:১ অনুপাতের সেন্সর পাবেন গ্রাহক। ফলে সেলফি ক্যামেরার ক্ষেত্রে দু’টি ডিভাইসের পার্থক্য প্রায় ঘুচে যাবে বললেই চলে।
আরও পড়ুন:
বর্তমানে মার্কিন টেক জায়ান্ট অ্যাপ্লের তৈরি মুঠোবন্দি ডিভাইসে ১৮ মেগাপিক্সল সেলফি ক্যামেরা ব্যবহারের সুবিধা পেয়ে থাকেন গ্রাহক। টেক বিশ্লেষকদের দাবি, স্যামসাং গ্যালাক্সি এস-২৭র সামনের দিকের লেন্সটি হবে ১৬ মেগাপিক্সলের। এই সিরিজ়ের চারটি স্মার্টফোন একসঙ্গে বাজারে আনতে পারে সংশ্লিষ্ট দক্ষিণ কোরীয় সংস্থা। সেগুলি হল, এস-২৭, এস-২৭ প্লাস, এস-২৭ আল্ট্রা এবং এস-২৭ প্রো।
অন্য দিকে বেশ কিছু গণমাধ্যম জানিয়েছে, স্মার্টফোনে ৬৮ মেগাপিক্সলের ক্যামেরা বসানোর পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে ভিভো ও সনি। এর লেন্স নাকি তৈরি করে ফেলেছে তারা। তবে ডিভাইসে ব্যবহারের চূড়ান্ত ছাড়পত্র মেলেনি। আগামী দিনে এক্স সিরিজ়ের স্মার্টফোন বাজারে আনবে ভিভো। তাতে ৬৮ মেগাপিক্সলের ক্যামেরা থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
এ ছাড়া বাজারে আসতে চলা দু’টি স্মার্টফোনের ছবি প্রকাশ করেছে টেকনো। তার একটির ডিসপ্লে বেজ়েল বিহীন। অন্য ছবিতে পেরিস্কোপিক জ়ুম লেন্স দেখতে পাওয়া গিয়েছে। তবে দু’টি ডিভাইস একই সিরিজ়ের স্মার্টফোনের আলাদা আলাদা মডেল কি না, তা অবশ্য স্পষ্ট নয়।