ইউটিউব ব্যবহারকারীদের জন্য সুখবর। দর্শক সংখ্যা বাড়াতে নতুন প্রযুক্তি নিয়ে এল সংশ্লিষ্ট মার্কিন টেক জায়ান্ট। ফলে এবি টেস্টিংয়ে নতুন ফিচার পেতে চলেছেন গ্রাহক। যাতে একটি ভিডিয়ো একসঙ্গে তিন রকম ভাবে করা যাবে পোস্ট। এতে নেটপ্রভাবীদের বিশেষ উপকৃত হবেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
কী এই এবি টেস্টিং? ইউটিউব জানিয়েছে, এত দিন একটি ভিডিয়ো আপলোডের ক্ষেত্রে একসঙ্গে সর্বাধিক তিনটি করে থাম্বনেল এবং শিরোনাম ব্যবহার করা যেত। এর মধ্যে যেটি দর্শকের সবচেয়ে বেশি পছন্দ হত, কয়েক ঘণ্টার মধ্যেই তা জানিয়ে দিত সংশ্লিষ্ট মার্কিন টেক জায়ান্ট। তখন ওই নির্দিষ্ট থাম্বনেল এবং শিরোনামটি রেখে বাকি দু’টি ফেলে দিতে পারতেন বিষয়স্রষ্টা। ফলে তিনি অনায়াসেই সেরা থাম্বনেল ও শিরোনাম বেছে নিতে পারতেন। তাতে উপস্থাপনার প্রাথমিক মান আরও বাড়ত।
এবার এই একই প্রযুক্তি মূল ভিডিয়োর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। অর্থাৎ, একই ভিডিয়ো একসঙ্গে তিন রকম ভাবে আপলোড করা যাবে। বিষয়টি একটু ভেঙে বলা যাক।
ধরা যাক, সদ্যমুক্তি পাওয়া চলচ্চিত্রের আলোচনা-সমালোচনা করলেন কোনও নেটপ্রভাবী। এ ব্যাপারে একটি ভিডিয়ো তৈরি করলেন তিনি। কিন্তু, ভিডিয়ো শুট করার সময় তিন দিক থেকে কাজটি করলেন। কিংবা, তিন রকম ভাবে ভিডিয়োটি সম্পাদনা করলেন। তারপর সেই তিনটি রূপই তিনি ইউটিউবে আপলোড করে দিলেন একসঙ্গে।
আরও পড়ুন:
এবি টেস্টিং প্রযুক্তি কিছু সময় পর জানিয়ে দেবে, এই তিনটির মধ্যে কোন ভিডিয়োটি দর্শক বেশি পছন্দ করছে। সেক্ষেত্রে সবথেকে বেশি বার দেখা ভিডিয়োটি রেখে বাকি দু’টি পরে সরিয়ে নেওয়া যাবে। এতেও বিষয় উপস্থাপনার মান বাড়বে বলেই মনে করছেন অভিজ্ঞ মহলের একাংশ। আমজনতার পছন্দ-অপছন্দকে গুরুত্ব দিতেই মার্কিন টেক জায়ান্টটি এই পদক্ষেপ করেছে বলে তাঁরা জানাচ্ছেন।