Advertisement
E-Paper

তৎকালে টিকিট কেটেও অপেক্ষা-তালিকায়! সাধারণ ওয়েটিং লিস্টের সঙ্গে তফাত কী, জানুন খুঁটিনাটি

তৎকালেও ওয়েটিং লিস্ট? সেই টিকিটে কী সফর করা যায়? জেনে নিন এই সংক্রান্ত খুঁটিনাটি

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫৪
তৎকালের টিকিটে ওয়েটিং লিস্ট  থাকলে কি ট্রেনে সফর করা যায়?

তৎকালের টিকিটে ওয়েটিং লিস্ট থাকলে কি ট্রেনে সফর করা যায়? ছবি: এআই দিয়ে নির্মিত।

পুজোর আগে বাড়ি ফেরা বা সফরের জন্য ট্রেনের টিকিটের হাহাকার। শেষ মুহূর্তে টিকিটের আশায় অনেকেই ভরসা করেন তৎকালের উপরে। সফরের এক দিন আগে কাটা টিকিটেও ওয়েটিং লিস্ট?

তৎকাল ওয়েটিং লিস্ট কেন হয়?

তৎকাল টিকিটে টিকিউডব্লিউএল— লেখা থাকার অর্থই হল তৎকাল ওয়েটিং লিস্ট। তৎকাল টিকিটের ভাবনা তৈরি হয়েছে শেষ মুহূর্তে জরুরি পরিস্থিতিতে সফরের জন্য। এই কোটার সমস্ত সংরক্ষিত আসন ভর্তি হয়ে যাওয়ার পরেই নতুন যে টিকিট কাটা হয়, সেগুলি সরাসরি তৎকাল ওয়েটিং লিস্টে যোগ করে দেওয়া হয়। যাত্রার মাত্র এক দিন আগে যেহেতু টিকিট কাটার সুযোগ দেওয়া হয়, সেই কারণে ওয়েটিং লিস্টের তালিকার আসন নিশ্চিত হওয়ার সুযোগ অত্যন্ত কম থাকে।

তৎকাল কোটায় আগে থেকে আসন পাওয়া কোনও যাত্রী তাঁর টিকিট বাতিল করলে তবেই টিকিট নিশ্চিত হতে পারে। সমস্যা হল, নিশ্চিত বা কনফার্মড তৎকাল টিকিট বাতিল করলে রেলের নিয়ম অনুযায়ী কোনও টাকা ফেরত পাওয়া যায় না। অর্থ ফেরত না মেলার কারণে যাত্রীরা সাধারণত এই টিকিট বাতিল করেন না। ফলে, আসন খালি হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম থাকে এ ক্ষেত্রেই। তা ছাড়া, আসন নিশ্চিত হবে কি না তা নির্দিষ্ট ট্রেন, যাত্রাপথ, শ্রেণি, যাত্রার দিন এবং অন্য যাত্রীদের টিকিট বাতিলের উপর নির্ভর করে।

তৎকাল ওয়েটিং টিকিট নিয়ে কি ট্রেনে ওঠা যায়?

অনলাইন টিকিট: যাত্রার চূড়ান্ত তালিকা তৈরির পরেও যদি অনলাইনের টিকিট ওয়েটিং লিস্টেই থেকে যায়, তা হলে সফর করা যায় না। চূড়ান্ত তালিকা তৈরির পর ওয়েটিং লিস্টের অনলাইন টিকিট নিজে থেকে বাতিল হয়ে যায় এবং প্রাপ্য অর্থ সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত চলে যায়।

কাউন্টার টিকিট: রেলের কাউন্টার থেকে টিকিট কাটা হলে যাত্রীকে নিজের স্টেশনের টিকিট কাউন্টারে গিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে তা জমা দিয়ে বাতিল করাতে এবং টাকা ফেরত নিতে হয়।

টিকিট বাতিলের নিয়ম

তালিকা তৈরির আগে যাত্রী চাইলে নিজেই ওয়েটিং লিস্টের টিকিট বাতিল করতে পারেন। সে ক্ষেত্রে টিকিট প্রতি নির্দিষ্ট খরচ (৬০ টাকা এবং পণ্য ও পরিষেবা কর) কেটে নিয়ে বাকি টাকা ফেরত দেওয়া হয়।

অনলাইন বুকিংয়ের ক্ষেত্রে চূড়ান্ত তালিকা তৈরির পরেও টিকিট ওয়েটিং লিস্টে থাকলে প্রযুক্তি ব্যবস্থা নিজে থেকেই তা বাতিল করে টাকা ফেরত পাঠিয়ে দেয়।

উভয় ক্ষেত্রেই বুকিংয়ের সময় দেওয়া পরিষেবা ব্যয়, এজেন্ট খরচ বা ব্যাঙ্ক লেনদেনের অতিরিক্ত অর্থ কোনও ভাবেই ফেরতযোগ্য নয়।

তৎকাল ওয়েটিং লিস্ট সংক্রান্ত কিছু ভুল ধারণা

আংশিক আসন মেলে না: অনেকের ধারণা, তৎকাল ওয়েটিং লিস্ট টিকিট থাকলে ট্রেনে ওঠা এবং বসতে পারা যায়।

খালি আসনে অগ্রাধিকার নেই: ট্রেনে কোনও সাধারণ আসন খালি হলে তা প্রথমে সাধারণ ওয়েটিং লিস্টের যাত্রীদের দেওয়া হয়, তৎকালের ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের সেখানে কোনও অগ্রাধিকার থাকে না।

অন্য কোটার বাতিলে লাভ নেই: ট্রেনের অন্য কোনও যাত্রী টিকিট বাতিল করলেই তৎকাল ওয়েটিং লিস্টের যাত্রীরা আসন পাবেন, এমন নয়। সংশ্লিষ্ট তৎকাল কোটার যাত্রী আসন বাতিল করলেই কেবল এই তালিকা এগোয়।

Ticket Travel Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy