জামাকাপড় ছোট করে না হয় প্যাক করে নিলেন, কিন্তু বেড়ানোর জন্য ব্যাগ গোছানোর সময় দরকারি জুতো কী ভাবে প্যাক করবেন? কী ভাবে নিলে জামাকাপড় নোংরা হবে না আবার আলাদা ব্যাগ না নিয়েও অল্প জায়গায় গুছিয়ে নেওয়া যাবে একাধিক জুতো? কয়েকটি পদ্ধতি জানা থাকলে কাজ সহজ হতে পারে।
কেউ বলতেই পারেন, একাধিক জুতো নেওয়ার দরকার কী? যে জুতো পায়ে গলিয়ে নিলেন, সেটিই তো যথেষ্ট। কিন্তু দেখনদারির যুগে আর একটি জুতোয় সন্তুষ্ট হচ্ছেন না অনেকেই। একটি স্নিকার্স, একটি স্লিপার্স ছাড়া সব পোশাকের সঙ্গে যাবে এরকম আরও একটি অন্তত জুতো ব্যাগে প্রায় প্রত্যেকেই রাখেন। কেউবা পোশাকের সঙ্গে রং মিলিয়েও জুতো নিয়ে যান বেড়ানোর জন্য।
ইনস্টাগ্রাম আর রিলের যুগে একটু সাজগোজ দেখাতে চাইলে, এটুকু প্রয়োজন পড়ে অনেকেরই। কিন্তু জুতোর ওজন, নোংরা লাগার ভয় এবং ব্যাগে অতিরিক্ত জায়গা নষ্ট হওয়া— সব মিলিয়ে প্যাকিংয়ের সময় মাথা খারাপ হওয়ার জোগাড় হয়। এ ক্ষেত্রে একটু বুদ্ধি খাটালেই এই সমস্যার সমাধান করা সম্ভব। জেনে নিন, একাধিক জুতো সহজে এবং গুছিয়ে প্যাক করার জন্য কী কী করতে হবে।
১. জুতোর ভিতরের ফাঁকা জায়গার ব্যবহার
জুতো জায়গা নিচ্ছে। তবে ব্যাগের কিছু জায়গা ফাঁকাও করে দিতে পারে জুতো। এ ক্ষেত্রে কাজে দেবে জুতোর ভিতরের খালি অংশটুকু। জুতো জোড়া ব্যাগে রাখার আগে তার ভিতরে মোজা, রুমাল, অন্তর্বাস (প্যাকেটে ভরে নেবেন অবশ্যই), বেল্ট কিংবা ছোটখাটো গ্যাজেটের চার্জার, হেডফোন ভাল করে গুটিয়ে ঢুকিয়ে দিন। এতে এক দিকে যেমন ব্যাগের অনেকটা জায়গা বেঁচে যাবে, তেমনই চাপ লেগে জুতোর আকৃতি নষ্ট হবে না বা চেপ্টে যাবে না।
২. শাওয়ার ক্যাপ বা পুরনো মোজা
প্যাকিংয়ের সময় সবচেয়ে বড় ভয় থাকে, জুতোর তলার নোংরা লেগে যেন সাধের জামাকাপড় নষ্ট না হয়। এর জন্য দামি শ্যু-ব্যাগ কেনার কোনো প্রয়োজন নেই। বাজারে এক বার ব্যবহার করে ফেলে দেওয়ার ওয়ান-টাইম শাওয়ার ক্যাপ পাওয়া যায়। জুতোর নিচের অংশটি শাওয়ার ক্যাপ দিয়ে মুড়ে দিলে নোংরা বাইরে ছড়াবে না। অথবা পুরনো বড় সাইজের উলের মোজার ভেতরেও জুতো ঢুকিয়ে দিতে পারেন।
৩. ইন্টারলকিং বা ‘হিল-টু-টো’ টেকনিক
জুতো জোড়া ব্যাগে কী ভাবে রাখছেন, তার ওপর নির্ভর করে, সেটি কতটা জায়গা নেবে। জুতোজোড়াকে কখনো পাশাপাশি সোজা করে রাখবেন না। একটি জুতোর হিল বা গোড়ালির দিকে অন্য জুতোর টো বা সামনের অংশটি মুখ করে জোড়া লাগান। এর পর এই জোড়াটিকে ব্যাগের একেবারে নীচের দিকে বা চাকার পাশে রাখুন। ভারী জুতো নীচে থাকলে ব্যাগের ভারসাম্য বজায় থাকবে এবং জামাকাপড় কুঁচকে যাবে না।
৪. জুতোর ব্যাগ
এখন জুতো প্যাক করার নানা রকমের সুন্দর ব্যাগ পাওয়া যায় বাজারে। জ়িপলক ব্যাগে জুতো রাখার সুন্দর বন্দোবস্ত থাকে তাতে। তেমন একটি ব্যাগ কিনে নিলে সহজেই হবে মুশকিল আসান।