দেড় কোটির মধ্যে সম্ভাবনা থাকে এক জনের। স্বাভাবিক ভাবে একসঙ্গে চারটি সন্তান গর্ভে ধারণ করলেন ৩৫ বছরের এক তরুণী। চার সন্তানই অভিন্ন যমজ বা আইডেন্টিক্যাল টুইন। এ ক্ষেত্রে একটিমাত্র নিষিক্ত ডিম্বাণু থেকে ভ্রূণগুলি চারটি ভাগে বিভক্ত হয়ে যায়। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সমস্ত প্রতিকূলতা জয় করে স্বাভাবিক ভাবে গর্ভধারণের মাধ্যমে চার অভিন্ন সন্তানের জন্ম দিয়েছেন অস্ট্রেলিয়ার ব্রিসবেনের বাসিন্দা জেনিটার না’আমোয়ানা। সন্তান-সহ মা সম্পূর্ণ সুস্থ বলেও জানা গিয়েছে।
সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ানের’ প্রতিবেদন অনুসারে, জেনিটার ইতিমধ্যেই আরও চার সন্তানের জননী। সম্প্রতি রয়্যাল ব্রিসবেন অ্যান্ড উইমেন্স হাসপাতালে ২৮ সপ্তাহ গর্ভধারণের পর অস্ত্রোপচারের মাধ্যমে আরও চার অভিন্ন কন্যার জন্ম দেন তরুণী। আপাতত এই তরুণীর পরিবারে মোট আট সন্তান-সন্ততি। জেনিটারের পরিবারের সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ১০-এ। হাসপাতালের মাতৃ-ভ্রূণ চিকিৎসা বিশেষজ্ঞ ও প্রসূতিবিদ্যা চিকিৎসক অ্যালেক্সা বেন্ডাল এই ঘটনাটিকে নজিরবিহীন বলে আখ্যা দিয়েছেন। অস্ট্রেলিয়ায় এই ধরনের ঘটনা এর আগে ঘটেনি বলেও মনে করছেন তিনি।
আরও পড়ুন:
চার নতুন অতিথিকে নিয়ে বাড়ি আসার পর রাতারাতি পরিবারের সমস্ত দৈনন্দিন রুটিন বদলে গিয়েছে। জীবনে যোগ হয়েছে নতুন কিছু চ্যালেঞ্জও। চার নবজাতকের জন্মের আনন্দের সঙ্গে নানা সমস্যারও সম্মুখীন হচ্ছেন ওই দম্পতি। মূল সমস্যা হল সংসার চালানো ও সন্তানদের লালনপালন করার বিপুল খরচ। তাঁরা স্বীকার করেছেন, একসঙ্গে চার নবজাতককে বড় করে তোলার জন্য যথেষ্ট আর্থিক প্রস্তুতির প্রয়োজন। ডায়াপার, শিশুর খাবার পোশাক-সহ প্রতি দিনের খরচ দ্রুত বেড়ে গিয়েছে। পাশাপাশি পরিবারের দশ সদস্যের একসঙ্গে যাওয়ার জন্য বড় গাড়ির ব্যবস্থা করা এখন তাঁদের অন্যতম বড় চাহিদা। সন্তানদের বড় করার খরচ সামাল দিতে সমাজমাধ্যমে অর্থসাহায্যের আবেদনও করেছেন আট সন্তানের পিতামাতা।