Advertisement
E-Paper

ছ’টি রাক্ষুসে পায়ের ছাপ! পর্যটকের পোস্ট করা ছবিতে সন্ধান মিলল ১২ কোটি বছরের ‘বৃদ্ধ’ প্রাণীর

তাইল্যান্ডের গণমাধ্যম ‘দ্য থাইগারের’ প্রতিবেদন অনুযায়ী, তাই পর্যটক পিচাই প্রাথেতসেনা কয়েক দিন আগে ফু ফ্রাবাত জাতীয় উদ্যানে ঘোরার সময় একটি ঝর্নার কাছে কিছু অস্বাভাবিক চিহ্ন দেখতে পান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৬ ১৬:১৫

ছবি: সংগৃহীত।

একটি ছবিতেই ফাঁস হল কয়েক কোটি বছর আগের রহস্য। ফেসবুকে পোস্ট করা পর্যটকের এক ছবির সাহায্যে সন্ধান মিলল প্রায় ১২ কোটি বছরের পুরোনো ডাইনোসরের পদচিহ্নের। জীবাশ্মে পরিণত হওয়া ছ’টি পদচিহ্নের হদিস মিলেছে তাইল্যান্ডে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় উদন থানি প্রদেশে আচমকাই এই আবিষ্কারটি করা হয় বলে খবর।

তাইল্যান্ডের গণমাধ্যম ‘দ্য থাইগারের’ প্রতিবেদন অনুযায়ী, ডাইনোসরের পায়ের ছাপ আবিষ্কারের এই ঘটনাটি ঘটেছে ৩২ বছর বয়সি তাই পর্যটক পিচাই প্রাথেতসেনার সৌজন্যে। কয়েক দিন আগে ফু ফ্রাবাত জাতীয় উদ্যানে ঘোরার সময় একটি ঝর্নার কাছে কিছু অস্বাভাবিক চিহ্ন দেখতে পান তিনি। সেগুলির ছবি তুলে ১৮ অক্টোবর একটি ফেসবুক গ্রুপে শেয়ার করেন পিচাই। পাশাপাশি, সেগুলি ডাইনোসরের পায়ের ছাপ কি না, তা জানতে গ্রুপের সদস্যদের কাছে প্রশ্ন রাখেন।

তিনি জানান, সেই সময় ঝর্নাটি তুলনামূলক ভাবে শুকনো থাকায় পাথরগুলি উন্মুক্ত হয়ে পড়েছিল। তার মধ্যে যে পাথরগুলি আকারে বড়, সেগুলিতেই পায়ের ছাপ ছিল। সেই সময় তাড়াহুড়ো থাকায়, উদ্যানের রক্ষীদের কাছে বিষয়টি জানাননি তিনি। পরবর্তীতে তাঁর নিজের তোলা সংশ্লিষ্ট ছবিটি ফেসবুকে পোস্ট করেন।

তাইল্যান্ডের খনিজ সম্পদ বিভাগ প্রথমে ওই ফেসবুক পোস্টের মন্তব্য বিভাগে প্রতিক্রিয়া জানিয়ে আবিষ্কারের বিষয়টিকে স্বীকৃতি দেয়। সরকারি দফতর চিহ্নগুলি পরীক্ষা করে দেখার কথাও জানায়। এর পর ১৯ অক্টোবর উদ্যানের রক্ষীরা ঘটনাস্থলে গিয়ে পদচিহ্নগুলি পরীক্ষা করেন এবং সেগুলির মাপ নেন।

এর এক দিন পর, ২০ অক্টোবর, খনিজ সম্পদ বিভাগ তাদের সরকারি ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে আবিষ্কারের বিষয়টি নিশ্চিত করে। বিভাগ জানায়, পর্যটকের নজরে আসা ওই চিহ্নগুলি সত্যিই ডাইনোসরের পায়ের ছাপ। ফু ফান শিলাস্তরের উপর মোট ছ’টি ছাপ পাওয়া গিয়েছে। এই জীবাশ্মগুলি আনুমানিক ১২কোটি বছর আগের প্রারম্ভিক ক্রিটেশিয়াস যুগের বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

thailand Fossil Dinosaur

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy