মরুভূমি পেরোনোর সময় একের পর এক গোলা, মর্টারের আঘাতে উড়ে যাচ্ছে সৌদি আরব সমর্থিত সামরিক যান। ট্যাঙ্ক ও সাঁজোয়া যানগুলির উপর আছড়ে পড়ছে শেল। কয়েক সেকেন্ডের মধ্যে উড়ে যাচ্ছে যানবাহন ও সঙ্গে থাকা সামরিক অস্ত্রশস্ত্র। মারিব মরুভূমিতে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুথির সদস্যেরা মুহুর্মুহু আক্রমণে উড়িয়ে দিচ্ছে সৌদির সামরিক সরঞ্জাম বহনকারী যানবাহন। এমনই এক রোমহর্ষক দৃশ্যের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল হওয়া ফুটেজে দেখা গিয়েছে, একের পর সামরিক যান ও সাঁজোয়া ইউনিটগুলিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইয়েমেনের বিদ্রোহী সংগঠনের সদস্যেরা। মরুভূমির অস্থায়ী ছাউনি থেকে শত্রুশিবিরের যান লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়। বেশ কয়েকটি যানবাহন এর ফলে ক্ষতিগ্রস্ত হয়। কয়েকটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় বলেও দাবি করা হয়েছে। একটি সামরিক যানকে লক্ষ্য করে হামলা চালানোর পর সেটিকে উল্টে যেতে দেখা যায়। একই সঙ্গে, বেশ কয়েকটি যান পিছু হটে এবং আহত যোদ্ধাদের মরুভূমিতে ফেলে রেখে যায় বলে জানানো হয়েছে। গাইডেড মিসাইলের সাহায্যে সামরিক যান ও সাঁজোয়া ইউনিটগুলিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান সমর্থিত হুথি গোষ্ঠী বলে দাবি। ‘ওয়ার থ্রেট’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে হামলার সেই ফুটেজগুলি।
গত কয়েক ঘণ্টায় সৌদিদের সঙ্গে হুথিদের সংঘাত মারাত্মক আকার নিয়েছে। ইয়েমেনের ভিতরে সৌদি-সমর্থিত বাহিনীর সামরিক বহরে আঘাত হানার পাশাপাশি সৌদি আরবের অভ্যন্তরে রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং তেল সংস্থা আরামকোর সদর দফতরেও বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। মঙ্গলবার গভীর রাতে সৌদির পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের এই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। সৌদির নেতৃত্বাধীন সামরিক জোটের দাবি, রিয়াধ এবং দক্ষিণ সৌদি আরবকে লক্ষ্য করে অন্তত তিনটি ক্রুজ় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল মঙ্গলবার রাতে। সঙ্গে দু’টি ড্রোনও ছোড়া হয়েছিল। তবে সেগুলি প্রতিহত করা হয়েছে।