বয়স ৬০-এর কোঠায় হবে। প্রবল গতিতে ছুটতে থাকা ট্রেনের দরজায় দাঁড়িয়ে প্রাণের ঝুঁকি নিয়ে স্টান্টে মাতলেন এক বৃদ্ধ। যে কাণ্ডটি তিনি করলেন তা দেখে হৃৎকম্প হতে বাধ্য। যে কোনও পেশাদার স্টান্টম্যানও সেই কাজটি করতে দু’বার ভাববেন। হাড়হিম করা সেই দৃশ্যের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রচণ্ড গতিতে ছুটে চলেছে একটি ট্রেন। আর সেই ট্রেনের দরজা ধরে বিপজ্জনক ভাবে ঝুলে স্টান্ট করার চেষ্টা করছেন হাফ প্যান্ট ও জামা পরা এক বৃদ্ধ। দু’হাত দিয়ে ট্রেনের দরজাটি ধরে আছেন এবং তার উপর পা রেখেছেন। ট্রেনটির গতিবেগও যথেষ্ঠ ছিল। একচুল এদিক ওদিক হলে ছিটকে পড়ে মারাত্মক কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারত। কিন্তু বৃদ্ধকে দেখে মনে হচ্ছে এটি তাঁর কাছে কোনও বড় ব্যাপার নয়। গাছের ডালে ঝুলে থাকা বাঁদরের মতো দরজাটি ধরে নির্বিকার ভাবে ঝুলতে থাকেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। সৌভাগ্যবশত, তাঁর কোনও আঘাত লাগেনি।
আরও পড়ুন:
ভিডিয়োটি এক্স হ্যান্ডলের ‘সূরজমৌর্য’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি দেখার পর এক দিকে দর্শক যেমন মজা পাচ্ছেন, তেমনই বৃদ্ধের নিরাপত্তা নিয়েও চিন্তিত হয়ে পড়েছেন নেটাগরিকেরা। কারণ এ ধরনের বিপজ্জনক স্টান্ট যে কারও জন্যই গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। কয়েক মুহূর্তের আনন্দ বা মজা কখনও কখনও সারা জীবনের দুর্ভোগ ডেকে আনতে পারে। এমন বিপজ্জনক স্টান্ট করতে গিয়ে অনেকেই গুরুতর আহত হয়েছেন, এমনকি প্রাণও হারিয়েছেন এমন উদাহরণ ভুরি ভুরি। ভিডিয়োটি দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘‘এই বয়সে এইসব ঝুঁকিপূর্ণ স্টান্ট না করাই ভাল। সামান্য অসাবধানতাও বড় দুর্ঘটনা বা প্রাণহানির কারণ হতে পারত।’’ অন্য এক নেটাগরিক লিখেছেন ‘‘দাদু এই যুগের টারজ়ান।’’