Advertisement
E-Paper

নির্জন রাস্তায় পণ্য পৌঁছোতে যাচ্ছিলেন বাইকচালক, বিদ্যুৎগতিতে ঘাড়ে পড়ল ‘যমরাজের প্রতিমূর্তি’! হাড়হিম করা ভিডিয়ো ভাইরাল

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি শান্ত ও নির্জন কলোনির রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছেন এক তরুণ। এলাকার চারপাশ অস্বাভাবিক রকমের নিস্তব্ধ ও প্রায় জনমানবহীন। এমন সময় উল্টো দিক থেকে বাইক লক্ষ্য করে একটি চিতাবাঘকে ছুটে আসতে দেখা যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৬ ১৬:৩৪

ছবি: এআই সহায়তায় তৈরি।

রাতে সুনসান রাস্তা দিয়ে পণ্য সরবরাহ করতে যাচ্ছিলেন এক ডেলিভারি কর্মী। ভাবতেই পারেননি মৃত্যু ওত পেতে বসে আছে সেখানে। বাইক নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে ঘাড়ে লাফিয়ে পড়ল সাক্ষাৎ ‘যমরাজের’ প্রতিমূর্তি। নির্জন এলাকায় অতর্কিতে প্রায় উড়ে এসে বাইকচালককে আক্রমণ করে একটি চিতাবাঘ। সেই রোমহর্ষক ভিডিয়োটি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি শান্ত ও নির্জন কলোনির রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছেন এক তরুণ। এলাকার চারপাশ অস্বাভাবিক রকমের নিস্তব্ধ ও প্রায় জনমানবহীন। এমন সময় উল্টো দিক থেকে বাইক লক্ষ্য করে একটি চিতাবাঘকে ছুটে আসতে দেখা যায়। চিতাবাঘটিকে তাঁর দিকে এগিয়ে আসতে দেখে ডেলিভারি কর্মী চমকে ওঠেন। সঙ্গে সঙ্গে বাইক থামিয়ে দেন। বাইক থামায় প্রথমে চিতাবাঘটি রাস্তার ধারে পাঁচিলের দিকে চলে যেতে গিয়েও ফিরে আসে। বাইকচালক কিছু বুঝে ওঠার আগেই, চিতাবাঘটি বিদ্যুতের গতিতে তাঁকে আক্রমণ করে।

চিতাবাঘের হামলাটি ছিল মাত্র কয়েক সেকেন্ডের। আর তাতেই প্রচণ্ড ভয় পেয়ে যান তরুণ। আচমকা ঝাঁপিয়ে পড়ায় ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে যান ডেলিভারি কর্মী। বাইক পড়ে যাওয়ার বিকট শব্দ এবং আকস্মিক ধাক্কায় চিতাবাঘটিও কিছুটা চমকে ওঠে। প্রায় সঙ্গে সঙ্গেই শিকার ছেড়ে জঙ্গলের দিকে পালিয়ে যায় শ্বাপদটি। আকস্মিক এই হামলায় ডেলিভারি কর্মী এতটাই আতঙ্কিত হয়ে পড়েন যে, মাটিতে পড়ে থাকা বাইকটি তোলার কথাও ভাবেননি। প্রাণ বাঁচাতে বাইকটি সেখানেই ফেলে রেখে দ্রুত দৌড়ে পালাতে দেখা যায় তাঁকে। গোটা ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। সেই ভিডিয়োটিই এক্স হ্যান্ডলে ‘ঘর কা কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয়েছে। রোমহর্ষক ভিডিয়োটি দেখার পর সমাজমাধ্যম ব্যবহারকারীরা নানা ধরনের মন্তব্য করছেন। বাইকচালকের উপস্থিত বুদ্ধি এবং ভাগ্যের প্রশংসা করছেন অনেকেই। এক নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘এটা অত্যন্ত ভয়ের। ডেলিভারি কর্মীর জায়গায় অন্য কেউ থাকলে সম্ভবত তাঁর হার্ট অ্যাটাক হয়ে যেত।’’ অন্য এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘‘সেই সব ডেলিভারি এজেন্টদের স্যালুট, যাঁরা আমাদের বাড়িতে খাবার পৌঁছে দিতে নিজের জীবন বাজি রাখেন।’’

Leopard Online Food animal video

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy