বর্ষার রাতে ধীরে ধীরে রাস্তা পার হচ্ছিল মোটাসোটা এক অজগর। কিন্তু লোকালয়ে এসে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা মোটেই সুখকর হল না বিশালাকৃতির সরীসৃপটির। বৃষ্টিভেজা রাতে রাস্তা পার হওয়ার চেষ্টা করতেই একটি গাড়ির চাকার নীচে পিষ্ট হল সেটি। ঘটনাটি রাস্তায় দাঁড়িয়ে থাকা অন্য এক গাড়ির চালকের ক্যামেরায় ধরা পড়েছে। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে বা কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, সে বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন:
এক্স হ্যান্ডলে ‘মোহিতটিআর১১৬৩৭৪৪৩’ নামের অ্যাকাউন্ট থেকে ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিশাল সরীসৃপটি ধীরে ধীরে রাস্তা পার হচ্ছে। সেটিকে দেখে অনেকগুলি গাড়ি থেমে যায়। সাপটি একটি ঝোপের দিকে এগোনোর চেষ্টা করতেই উল্টো দিক থেকে আসা একটি গাড়ি পিষে দেয় সেটিকে। সেই দৃশ্য দেখে উপস্থিত লোকজন চিৎকার করে ওঠেন। কিন্তু সাপটি চাকার নীচে চাপা প়ড়লেও অক্ষত ছিল। কিছু ক্ষণ পর সেটি আবার নড়েচড়ে এগিয়ে যেতে শুরু করে। শেষমেশ বৃহৎ সাপটি একটি ঝোপের মধ্যে ঢুকে পড়ে। ভিডিয়োটি শেয়ার করে লেখা হয়েছে, ‘‘সামান্য সতর্কতা একটি প্রাণীর জীবন বাঁচাতে পারে। পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে বন্যপ্রাণী রক্ষার গুরুত্বের ওপর জোর দিতে হবে আমাদের।’’
ভিডিয়োটি এক্স মাধ্যমে প্রকাশিত হতেই বহু মানুষ সেটি দেখেছেন। ভিডিয়োটি দেখার পর সাপটির অবস্থা সম্পর্কে অনেকেই উদ্বেগপ্রকাশ করেছেন। গাড়ি না থামিয়ে প্রাণীটিকে নিরাপদে পার হতে না দেওয়ার জন্য চালকের নিন্দা করেছেন বহু নেটাগরিক। বেশ কয়েক জন সমাজমাধ্যম ব্যবহারকারী চালকদের সতর্ক থাকতে অনুরোধ করেছেন। বিশেষ করে রাতে এবং ভারী বর্ষার সময়, যখন সাপ ও অন্যান্য প্রাণী প্রায়শই তাদের গর্ত থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে।