স্কুটারে করে আসছিলেন বৃদ্ধ। বৃষ্টিভেজা রাস্তায় তাঁর ঠিক সামনে দিয়ে এগোচ্ছিল একটি চারচাকার গাড়ি। হঠাৎ একটি গাছ ভেঙে পড়ল রাস্তাতে। কয়েক সেকেন্ডের তফাতে কপালজোরে বেঁচে গেলেন গাড়ির চালক। আর দুর্ভাগ্যবশত সেই গাছটি পড়ল স্কুটারআরোহীর উপর। ভয়াবহ দুর্ঘটনা দৃশ্যটি ধরা পড়ল উল্টো দিক থেকে আসা একটি গাড়ির ড্যাশ ক্যামে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে ঘটনাটি পুণের পিম্পল সৌদাগরে। শনিবারের ঘটনা। ড্যাশ ক্যামে তোলা ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বৃষ্টিস্নাত রাস্তা দিয়ে স্কুটার চালিয়ে আসার সময় বৃদ্ধের উপর গাছটি আছড়ে পড়ে। রাস্তার ধারে থাকা গাছের একটি বিশাল ডাল স্কুটারের উপর পড়তেই রাস্তার উপর ছিটকে পড়েন বৃদ্ধ। স্থানীয়েরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কুনাল আইকন রোডে, কুনাল আইকন হাউজ়িং সোসাইটির বাইরে এই ঘটনাটি ঘটেছে। আহত ব্যক্তি হলেন পিম্পল সৌদাগরের দ্বারকাধীশ রেসিডেন্সির বাসিন্দা এসএন কুডালে। তিনি তাঁর দু’চাকার গাড়িতে করে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি গাছ তাঁর উপর ভেঙে পড়ে। তিনি মেরুদণ্ডে গুরুতর আঘাত পান। চিকিৎসার জন্য তাঁকে দ্রুত জীবন জ্যোতি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন:
ভিডিয়োটি ‘ভারদভাতখণ্ডে’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর তা দেখে শিউরে উঠেছেন নেটাগরিকেরা। বর্ষাকালে রাস্তাঘাটে চলাচল করার সময় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বহু নেটমাধ্যম ব্যবহারকারীই। দুর্ঘটনাস্থলের আশপাশের বাসিন্দারা জানিয়েছেন, কুনাল আইকন রোডে এক বছরেরও বেশি সময় ধরে রাস্তা মেরামতের কাজ চলার কারণে যান চলাচল একমুখী রাস্তায় করতে হচ্ছে। তাঁদের দাবি, রাস্তাটি সরু হয়ে যাওয়ায় অতিরিক্ত যানজট হচ্ছে। একটানা বৃষ্টির কারণে এই অংশটি যাত্রীদের জন্য বিপজ্জনক হয়ে পড়েছে।