মুম্বইয়ের ব্যস্ত রাস্তায় অ্যাপ বাইক বুক করে দাঁড়িয়ে ছিলেন তরুণী। পেশায় তিনি বিষয়স্রষ্টা (কনটেন্ট ক্রিয়েটর)। কিছুক্ষণ অপেক্ষা করার পর তাঁর নির্ধারিত বুকিংয়ের চালক তাঁর কাছে এসে পৌঁছোন। চালক তাঁর দিকে এগিয়ে আসতেই বেশ কিছুটা অবাকই হয়ে যান তিনি। তার পর খুশিতে ফেটে পড়েন। ইনস্টাগ্রামে সেই অ্যাপবাইক চড়ার অভিজ্ঞতা একটি ভিডিয়োর মাধ্যমে ভাগ করে নিয়েছেন তরুণী। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
রুচিকা রাজপুত নামের ওই বিষয়স্রষ্টার পোস্ট করা ভিডিয়োর শুরুতে দেখা গিয়েছে, রাতে মুম্বইয়ের রাস্তায় অপেক্ষা করছেন তিনি। মহিলা যাত্রীর জন্য অ্যাপ বাইকের একটি সাধারণ যাত্রা কী ভাবে আনন্দদায়ক অভিজ্ঞতায় পরিণত হয় তা তুলে ধরার চেষ্টা করেছেন রুচিকা। কারণ তাঁর সামনে বাইক নিয়ে যিনি এসে দাঁড়ান তাঁকে দেখেই উত্তেজিত হয়ে পড়েন রুচিকা। কারণ অ্যাপ বাইক চালক ছিলেন এক তরুণী। মহিলা বাইকচালককে এগিয়ে আসতে দেখে, দৃশ্যতই উচ্ছ্বসিত হয়ে ওঠেন রুচিকা। তাঁকে ভিডিয়োয় বলতে শোনা যায়, ‘‘হে ভগবান! আমি এইমাত্র একটা অ্যাপ বাইক বুক করেছি আর আমাকে নিয়ে যাওয়ার জন্য একজন মহিলা চালক আসছেন, তাই আমি দারুণ উত্তেজিত! দেখা যাক!’’ গন্তব্যে পৌঁছোনোর পর রুচিকা জানান, পুরো যাত্রাটিই তাঁর কাছে একে বারেই অন্যরকম। তাঁর কথায়, সাম্প্রতিক সময়ের যতগুলি অ্যাপ বাইক যাত্রা করেছেন তার মধ্যে এটি ছিল অন্যতম নিরাপদ যাত্রা। একই সঙ্গে এমন মসৃণ অভিজ্ঞতাও তাঁর আগে হয়নি।
ভিডিয়োটি পোস্ট করে রুচিকা লিখেছেন, ‘‘র্যাপিডো পিঙ্ক। আপনারা আমার হৃদয় জিতেছেন।’’ ভিডিয়োটি পোস্ট করার পর তা ৩৪ লক্ষেরও বেশি দেখা হয়েছে। ভিডিয়োটি দেখার পর হাজার হাজার মন্তব্য জমা পড়েছে তাতে। নিজেকে অ্যাপ বাইক চালক বলে দাবি করা এক ইনস্টা ব্যবহারকারী লিখেছেন, ‘‘এই রিলের মেয়েটি আমিই, আমি সত্যিই জানতাম না যে আপনি এটি পোস্ট করবেন। আমি আনন্দিত যে আপনার সেই যাত্রাটি ভাল লেগেছে। এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।’’