রাস্তাঘাটে প্রায়শই ভিক্ষা করতে দেখা যায় ভিক্ষুকদের। তাঁদের ভিক্ষা করার কৌশলও হয় বিভিন্ন। তবে প্রযুক্তি ব্যবহার করে যে ভিক্ষা করা যায় তা প্রমাণ করে দিয়েছেন এক ভিক্ষুক। হুইলচেয়ারে বসা ভিক্ষুক এবং তার ভিক্ষা করার কৌশল দেখে অনেকেই অবাক হয়েছেন। এই সংক্রান্ত একটি ভিডিয়ো ছড়িয়ে প়ড়েছে নেটমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
রাস্তায় ভিক্ষা করতে তো দেখা যায় অনেক অভাবী মানুষকেই। তবে সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিয়োয় দেখা গিয়েছে এক ভিক্ষুকের অভিনব কৌশল। রাস্তার পাশে বসে থাকা ওই ব্যক্তি একটি দণ্ডের মতো বস্তু দোকানদারের দিকে বাড়িয়ে দেন। বস্তুটি তাঁর সঙ্গে বাঁধা ছিল। দোকানদার তাতে টাকা রাখার পর ভিক্ষুকটি সেটি টেনে নিজের কাছে নিয়ে নেন। ঠিক যে ভাবে ছিপ ফেলে মাছ ধরা ঠিক তেমন ভাবে। তাঁর এই অভিনব পদ্ধতির ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকেই মজা পেয়েছেন। হুইলচেয়ারে বসা ভিক্ষুক এক দোকানদারের দিকে একটি লাঠি বাড়িয়ে দেন। লাঠিটি আপনাআপনি খুলে বেশ লম্বা হয়ে যায়। এর পর দোকানদার লাঠিটির সঙ্গে বাঁধা একটি প্যাকেটে টাকা রাখেন। ভিক্ষুক লাঠিটি বন্ধ করে প্যাকেটটি নিজের কাছে টেনে নেন। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল, ভিক্ষুক ভিক্ষা পাওয়ামাত্রই দোকানদারের দিকে হাত তুলে বিজয়ের চিহ্ন দেখান। যেন প্রযুক্তির সাহায্যে অর্জিত এই বিরাট সাফল্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছে।
ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘ডিকেএস২৩০’ নামের একটি হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। মজার এই ভিডিয়োটি দেখার পর বহু নেটাগরিকই মন্তব্য না করে থাকতে পারেননি। মজার মজার প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁরা। এক নেটাগরিক লিখেছেন, ওহ্! কী কৌশল! একেবারে প্রযুক্তিগত পদ্ধতি।’’ আর এক নেটাগরিক লিখেছেন, ‘‘ভিক্ষা চাওয়ার এমন কৌশল আমি এই প্রথম দেখলাম।’’