আবাসনের লিফ্টের মধ্যে নিরাপত্তারক্ষীকে আক্রমণ করে বসলেন সেখানকারই এক বাসিন্দা। লিফ্টের মধ্যেই বেধে গেল হাতাহাতি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডার একটি বহুতল আবাসনে। বিসরাখ থানা এলাকার অন্তর্গত ইকো ভিলেজ ২ সোসাইটিতে। মারামারি থামাতে আসরে নামতে হল এক তরুণীকে। সেই মারামারির সিসিটিভি ফুটেজ ভিডিয়ো আকারে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, লিফ্টের মধ্যে দাঁড়িয়ে ছিলেন দু’জনে। নিরাপত্তাকর্মী লিফ্টের ভিতরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। আচমকাই আবাসনের বাসিন্দা চড় মেরে বসেন নিরাপত্তাকর্মীকে। চড় খেয়ে পাল্টা আঘাত করেন নিরাপত্তারক্ষীও। এর পরই দু’জনের মধ্যে ধুন্ধুমার লড়াই বেধে যায়। চড়, ঘুষি মারতে থাকেন একে অপরকে। এই অবস্থায় লিফ্টের দরজা খুলতেই এক তরুণী সেখানে ঢোকার চেষ্টা করেন। মারামারি দেখে তিনি দু’জনের মাঝে ঢাল হয়ে দাঁড়ানোর চেষ্টা করেন। নিরাপত্তারক্ষীকে টেনে বার করার চেষ্টা করেন তরুণী। তাতে অবশ্য কাজ হয়নি। যুযুধান দু’পক্ষের কেউই লড়াই থামাতে রাজি হননি। পরিস্থিতি আরও খারাপ হওয়ায় হাল ছেড়ে দেন তরুণী।
আরও পড়ুন:
ঘটনার অভিযোগ জমা পড়ে থানায়। অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত থাকা অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে খবর। ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘তাহিরসাইফিরি’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়ো ছড়াতেই নিন্দার ঝড় বয়ে গিয়েছে বিভিন্ন মহলে। বচসার কারণ নিয়েও কৌতূহল প্রকাশ করেছেন নেটাগরিকেরা।