দাঁড় করানো স্কুটারের আসনের ভিতরে থেকে ফোঁসফোঁসানি। শব্দের উৎস খুঁজতে গিয়ে চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের। কারণ আশ্রয় নিয়েছে ৮ ফুট লম্বা সাপ। সাপের চেহারা দেখে এগিয়ে যাওয়ার সাহস করেননি স্থানীয় বাসিন্দারা। সাপ দেখে আতঙ্ক ছড়ায় উত্তরাখণ্ডের হলদিওয়ানিতে। সেখানকার হিরানগর এলাকায় একটি বাড়ির বাইরে দাঁড় করানো একটি স্কুটারে হঠাৎ ৮ ফুট লম্বা একটি সাপ ঢুকে পড়ে বলে খবর। এত বড় সাপটিকে উদ্ধার করতে ডাকা হয় সর্প উদ্ধারকারীদের। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, স্কুটারের আসনের ভিতরে কুণ্ডলী পাকিয়ে বসে রয়েছে দীর্ঘকায় একটি সাপ। সাপ দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাসিন্দারা গাড়িটির ভেতরে সাপটি দেখতে পেয়ে দ্রুত অন্যদের সতর্ক করেন। খবর ছড়িয়ে পড়তেই স্কুটারটির চারপাশে ভিড় জমে যায়। যানটির ভেতরে একটি বড় সাপ লুকিয়ে থাকায় কেউই সেটির কাছে যেতে বা নিজে থেকে সেটিকে বার করার ঝুঁকি নিতে রাজি ছিলেন না।
8-Foot-Long Snake Slithers Inside Parked Scooter in Haldwani's Heeranagar; Rescued and Released Safely
— Hind First (@Hindfirstnews) October 5, 2026
Haldwani News: घर के बाहर खड़ी स्कूटी में घुसा 8 फीट लंबा सांप; आधे घंटे की मशक्कत के बाद वन विभाग ने किया सुरक्षित रेस्क्यू
Haldwani Snake Rescue, 8 Foot Snake in Scooter… pic.twitter.com/VKRev5CU4J
পরিস্থিতি সামাল দিতে এক সাপ উদ্ধারকারী ও বন বিভাগের একটি দলকে ডাকা হয়। উদ্ধারকারীরা সতর্ক ভাবে স্কুটারের আসনের ভিতরের যন্ত্রাংশ খুলে সাপটিকে খুঁজে বার করেন। প্রায় আধ ঘণ্টা ধরে চলে সাপ উদ্ধারের পর্ব। সাপটি উদ্ধারের পর উপস্থিত লোকজন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। উদ্ধারকারী দলের ধারণা বর্ষার কারণে শুকনো জায়গা খুঁজতে সাপটি স্কুটারের ভিতরে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল।
উদ্ধারের ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘হিন্দফার্স্ট’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। এত লম্বা সাপ উদ্ধারের ভিডিয়োটি দেখে বিস্মিত নেটাগরিকেরাও। প্রচুর প্রতিক্রিয়া জমা পড়েছে তাতে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘না জেনে যদি ওই স্কুটারে কেউ চড়ে বসতেন তা হলে তাঁর যে কী হাল হত!!’’