টেসলার স্বয়ংক্রিয় গাড়ি নয়। সাধারণ বৈদ্যুতিক গাড়ি। হঠাৎ করে যেন ‘ভূত’ ভর করল গাড়িটির উপর! নিজে গড়াতে শুরু করল গাড়িটির চাকা। পঞ্জাবে একটি ইলেকট্রিক গাড়িকে ঘিরে তেমনই এক অদ্ভুত ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিয়োটি দেখার পর আশ্চর্য হয়েছেন দর্শকও। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কী ভাবে বৈদ্যুতিক গাড়িটি আপনা-আপনিই চলতে শুরু করে ওই সব ‘ভূতুড়ে’ কাণ্ড ঘটাচ্ছে। জানা গিয়েছে, ওই বৈদ্যুতিক গাড়ির চালক গাড়ি থেকে নেমে বাইরে বেরোনোর পর সেটি লক করে দেন। কিন্তু হঠাৎ করেই গাড়িটি রাস্তা ধরে গড়াতে গড়াতে এক ফল বিক্রেতার ঠেলাগাড়িতে ধাক্কা মারে। ঘাবড়ে গিয়ে গাড়ির মালিক সেটিকে থামাতে ব্যস্ত হয়ে পড়েন। তবে লাভ হয়নি। এর পর একটি গাছে গিয়েও সজোরে আঘাত করে গাড়িটি।
‘নিতুটি৮১৬০০০৫৫২’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ঘটনাটির একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, লোকটি চলন্ত গাড়িটির পেছনে দৌড়চ্ছেন এবং অন্যান্য গাড়িচালকদের সতর্ক করার চেষ্টা করছেন। তাঁকে আতঙ্কে চিৎকার করতে শোনা যায়। বারবার পথচলতি মানুষ এবং যানবাহনকে গাড়িটির পথ থেকে দূরে থাকার জন্য সতর্ক করতে থাকেন তিনি। গাড়ির মালিকের দাবি, গাড়িটি নিজে থেকেই ‘লক’ হয়ে গিয়েছিল এবং সেটি সামনে এগোতে শুরু করায় নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না চারচাকাটিকে। গাড়িটি রাস্তার পাশের দিকে এগিয়ে গিয়ে এক ফলবিক্রেতার ঠেলাগাড়িকে ধাক্কা মারে। ফলে রাস্তায় ফলগুলি ছত্রখান হয়ে পড়ে। ঠেলাগাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়। প্রথম ধাক্কার পরেও গাড়িটি থামেনি। এটি কিছু ক্ষণ চলতে থাকার পর অবশেষে একটি গাছে ধাক্কা খায়। তারপর স্তব্ধ হয় গতি।
এই অস্বাভাবিক ঘটনাটি সমাজমাধ্যমে ভাইরাল হতেই কারণ নিয়ে জল্পনা শুরু হয়েছে। কেউ কেউ স্বয়ংক্রিয় যানবাহনের বিপদের কথা তুলে ধরেছেন মন্তব্য বিভাগে। অনেকেই এই ঘটনার জন্য গাড়িচালককে দায়ী করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘চালক বোঝেনই না স্বয়ংক্রিয় যানবাহন এবং গাড়ির ব্রেকিং কী ভাবে কাজ করে। গাড়িটি নিউট্রালে নেই এবং সিটবেল্টও বাঁধা আছে। তার পরেও আপনি প্রযুক্তিকে দোষ দিচ্ছেন? প্রযুক্তিকে দোষ দেওয়ার আগে, প্রথমে এই সিস্টেমগুলো কী ভাবে কাজ করে তা শিখুন।’’