ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশের একাংশ। টানা বর্ষণের জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক জেলায়। ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে পরওয়ানু অন্যতম। প্রবল বর্ষণে পাহাড়ে ধস নামার ফলে কাদাগোলা জল হু-হু করে ঢুকে পড়েছে বসতি এলাকায়। লোহার দরজা ভেদ করে প্লাবিত হয়ে উঠছে বাড়িঘর। তেমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
পরওয়ানু সেক্টর-২-এর যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে বৃষ্টির পর রাস্তা দিয়ে তীব্র বেগে জল বয়ে যাচ্ছে। জলের তোড় আটকাতে তিন-চার জন লোহার দরজাটি বন্ধ রাখার চেষ্টা করতে থাকেন। কিন্তু জলের চাপ এতটাই তীব্র ছিল যে তাঁরা দরজাটি বন্ধ করতে পারেননি। কাদাগোলা জল সমুদ্র স্রোতের মতো বাড়িতে ঢুকে পড়ে। চোখের নিমেষে হাঁটু পর্যন্ত কর্দমাক্ত জলে ভরে যায় বাড়িটির সামনের অংশ। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
সমাজমাধ্যমে হিমাচলের বেশ কিছু ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। গ্লিন্টইন নামের একটি এক্স হ্যান্ডলে থেকে পোস্ট করা ভিডিয়ো সেই দৃশ্য ধরা পড়েছে। প্রবল জলস্রোতের কারণে সেক্টর ২-এর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাসিন্দারা দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন বলে জানা গিয়েছে। রাস্তায় জল জমার ফলে যানবাহন ডুবে গিয়েছে। রাস্তা নদীর রূপ নিয়েছে। পরিস্থিতির অবনতির সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষ বিপর্যয় মোকাবিলা দফতর ও কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। পরওয়ানু শহরের পুরনো কসৌলি সড়কের একটি অংশ ভারী বৃষ্টির কারণে ধসে পড়ে। একটি ট্রাকও রাস্তার নীচের জলাশয়ে পড়ে যাওয়ার উপক্রম হয়।