জীবিকা নির্বাহের জন্য সারা দিন কঠোর পরিশ্রম। নেই দম ফেলার ফুরসত। নেই পর্যাপ্ত খাবারও। জীবন সংগ্রামের কারণে পছন্দ বা চাহিদার গুরুত্ব অনেক সময়ই কমে যায়। তাই এক প্যাকেট বিস্কুট ও কলের জল দিয়েই উদরপূর্তি করতে হয়। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় এমনই এক শ্রমিকের দৈনন্দিন জীবনের ছবি ধরা পড়েছে। শ্রমিককে দুপুরে পেট ভরাতে যে খাবার খেতে দেখা গিয়েছে তা দেখে বহু নেটাগরিকের মন ভারাক্রান্ত হয়ে উঠেছে। ভিডিয়োর বিষয়বস্তু নজর কাড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে এক প্রৌঢ় শ্রমিক বিস্কুটের একটি প্যাকেট হাতে জলের ড্রামের সামনে দাঁড়িয়ে রয়েছেন। এর পর তিনি বিস্কুটগুলো নরম করার জন্য কলের জলে ভিজিয়ে নিয়ে এক এক করে মুখ পুরতে থাকেন। তাঁর খাওয়ার দৃশ্যটি ক্যামেরাবন্দি হচ্ছে বুঝতে পেরে তিনি হালকা হাসেনও। ‘ব্লিসফুল _স্পিরিট_ওম’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা আছে, ‘‘কাজে যাওয়ার আগে হাতে সময় ও অর্থ সীমিত থাকে। এটি এমন একটি পরিস্থিতি যা বহু কায়িক পরিশ্রম করে অর্থ রোজগার করা কর্মীকে মোকাবিলা করতে হয়।’’ ভিডিয়োয় দৃশ্যটি শ্রমিকদের কঠিন জীবনযাপনের সেই বাস্তবতাকে সামনে তুলে ধরেছে।
ভিডিয়োটি দেখে বহু নেটাগরিক আবেগাপ্লুত হয়ে পড়েছেন। বিশেষ করে পরিবারের একমাত্র উপার্জনকারীকে নিয়ে অনেকেই মতামত জানিয়েছেন। দর্শকদের মতে, পরিবারের মুখে হাসি ফোটাতে এবং তাদের ভাল রাখতে অনেক কষ্ট সহ্য করেন এঁরা। পরিবারের জন্যই তাঁরা দিনের পর দিন কঠোর পরিশ্রম করেন। এক নেটমাধ্যম ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘‘বাবা-মা সত্যিই ঈশ্বরের মতো।’’ আর এক জন লিখেছেন, এই কারণেই কাউকে তাঁর পরিস্থিতি না জেনে বিচার করা উচিত নয়।’’ ভিডিয়োটি দেখে অনেকেরই উপলব্ধি, পরিবারের জন্য উপার্জন করা মানুষদের জীবনে কতটা ত্যাগ ও সংগ্রাম করেন। তাঁদের এই পরিশ্রম ও ত্যাগকে সম্মান করা উচিত।