প্রাণীদেরও মনখারাপ করে। তাদেরও কাউকে জড়িয়ে ধরে মন হালকা করার ইচ্ছা জাগে। তেমনই একটি ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। একটি মোবাইলের দোকানে আচমকা ঢুকে পড়ল এক কপিবর। শুধু তাই নয়, দোকানে থাকা এক তরুণের কোলে সটান উঠে পড়ল সেটি। তার পর যা ঘটল, তা দেখে মন ভাল হয়ে যেতে বাধ্য। ভিডিয়োটি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় একটি মোবাইলের দোকানের ভিতরে দুই তরুণকে দেখা গিয়েছে। এক জন কাউন্টারে বসে নিজের কাজে ব্যস্ত ছিলেন, আর অন্য জন পাশে দাঁড়িয়ে ছিলেন। ঠিক সেই সময় আচমকা কাউন্টার টপকে দোকানের ভিতরে ঢুকে পড়ে একটি বড়সড় হনুমান। হনুমানটিকে দেখেই ভয়ে সেখান থেকে ছুটে বাইরে বেরিয়ে যান এক জন। তবে কাউন্টারে বসে থাকা তরুণ নিজের কাজে এতটাই মগ্ন ছিলেন যে, প্রথমে তিনি হনুমানের আগমন টের পাননি। হনুমানটিকে দেখে হতভম্ব হয়ে যান তিনি। ভয়ে সিঁটিয়ে চেয়ারেই বসে থাকেন আতঙ্কিত তরুণ। এর পরই ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনাটি। হনুমানটি আক্রমণাত্মক আচরণ করার বদলে সোজা যুবকের কোলে লাফিয়ে পড়ে। এর পর দু’হাত দিয়ে তাঁর গলা জড়িয়ে ধরে, যেন কোনও বন্ধুকে আলিঙ্গন করছে। মুহূর্তের মধ্যে দোকানের পরিবেশ বদলে যায়। হনুমানের এমন শান্ত ও স্নেহভরা আচরণ দেখে হতবাক নেটপাড়া। দীর্ঘ ক্ষণ যুবকটিকে আঁকড়ে ধরে বসে থাকে সেটি। যেন বহু দিনের কোনও পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে সে।
ভিডিয়োটি ইনস্টাগ্রামে ‘এসকেআমির৩৪৬৬’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর কয়েক লক্ষ বার দেখা হয়েছে। এক কোটিরও বেশি নেটাগরিকের লাইক জমা পড়েছে এই মন ভাল করা ভিডিয়োয়। ভিডিয়োটি দেখার পর নেটমাধ্যম ব্যবহারকারীরা জানিয়েছেন, বন্যপ্রাণী দেখলে মানুষ সাধারণত আতঙ্কিত হয়ে পড়েন। তাড়াহুড়োয় ভুল করে বসেন। কিন্তু কাউন্টারে থাকা তরুণ বিচক্ষণতা ও ধৈর্যের পরিচয় দেন। প্রাণীটিকে তাড়িয়ে দেওয়ার বা ভয় দেখানোর কোনও চেষ্টাই করেননি। তাই হনুমানটিও তাঁর কাছে আশ্রয় নিয়েছিল। সেটিও কোনও আক্রমণাত্মক আচরণ না করে ভালবাসা ফিরিয়ে দিয়েছে বলে মনে করছেন নেটাগরিকদের অনেকেই।