Advertisement
E-Paper

‘খালি’ পিকআপ ট্রাকে গোপন কুঠুরি, তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ পুলিশের! উদ্ধার কোটি কোটি টাকার নোটের বান্ডিল

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে,পুলিশ অভিযান চালিয়ে একটি পিকআপ ট্রাক থেকে প্রায় ৪ কোটি টাকা নগদ উদ্ধার করেছে। গাড়িটির পিছনের অংশে বিশেষ ভাবে তৈরি একটি গোপন কুঠুরিতে লুকিয়ে রাখা হয়েছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ ১১:০০

ছবি: সংগৃহীত।

পিকআপ ট্রাকের গোপন কুঠুরিতে করে পাচার করা হচ্ছিল কয়েক কোটি টাকা নগদ। আপাতদৃষ্টিতে খালি গাড়িটিকে দেখে সন্দেহ জাগে পুলিশের। তল্লাশির সময় গাড়িটির পিছনে বিশেষ ভাবে তৈরি একটি গোপন কক্ষ খুঁজে পায় পুলিশ। সেটি খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশকর্মীদের। মেলে তাড়া তাড়া ৫০০ টাকার নোটের বান্ডিল। ছত্তীসগঢ়ের দুর্গ জেলার খুরসিপারের ঘটনা। রবিবার রাতে বিপুল পরিমাণে নগদ উদ্ধারের সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে,পুলিশ অভিযান চালিয়ে একটি পিকআপ ট্রাক থেকে প্রায় চার কোটি টাকা নগদ উদ্ধার করেছে। এই ঘটনায় গাড়ির চালক-সহ দু’জনকে আটক করা হয়েছে। গাড়িটির পিছনের অংশে বিশেষ ভাবে তৈরি গোপন কুঠুরিতে লুকিয়ে রাখা ছিল নোট। প্রাথমিক তল্লাশিতে গাড়িটি খালি মনে হলেও, ভাল ভাবে পরীক্ষার পর গাড়ির পিছনের অংশে বিশেষ ভাবে তৈরি ওই অংশের সন্ধান মেলে। ওই গোপন কুঠুরি ভেঙে প্লাস্টিকে মোড়ানো ৫০০ টাকার নোটের তাড়া উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া চালক ও তাঁর সঙ্গীর থেকে টাকার উৎস ও সেগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সে সম্পর্কে জানার চেষ্টা চলছে। দুর্গ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শোভরাজ অগ্রবাল জানিয়েছেন, টাকার উৎস এবং এটি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পিছনে কোনও হাওয়ালা চক্র যুক্ত রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

ভিডিয়োটি সংবাদসংস্থা এএনআইয়ের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, গাড়িটির পিছনের অংশটি পরিবর্তন করে সম্পূর্ণ ভাবে আটকে করে দেওয়া হয়েছিল। বিশেষ গোপন কক্ষ তৈরি করা হয়েছিল, যেখানে নগদ টাকা লুকনো ছিল। বিপুল পরিমাণ টাকার বান্ডিল ঠাসা ছিল সেখানে। কুঠুরিটি খোলার পর পুলিশ সেগুলি উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, আটক পিকআপ ট্রাকচালক ভবেশ এবং বিষ্ণুদেব দুবেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে পর জানা গিয়েছে, নগদ টাকা রায়পুরে তোলা হয়েছিল। নাগপুর হয়ে উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হচ্ছিল ওই টাকা।

Chhattisgarh Note Currency

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy