Advertisement
E-Paper

কুয়াশার জাল ছিঁড়ে এগোচ্ছে বন্দে ভারত, বিশ্বের সর্বোচ্চ রেলসেতু পার হওয়ার দৃশ্য দেখে মন্ত্রমুগ্ধ নেটপাড়া

রেল মন্ত্রকের পক্ষ থেকে এক্স-এ শেয়ার করা এই মনোমুগ্ধকর ফুটেজে দেখা যায়, সুদৃশ্য সাদা সেমি-হাই-স্পিড ট্রেনটি ঐতিহাসিক চেনাব রেলসেতুর উপর দিয়ে এগিয়ে যাওয়ার সময় ঘন কুয়াশার চাদর ভেদ করে বেরিয়ে আসছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৬ ১৩:৪১

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

চারদিক ঘন কুয়াশায় ঢাকা। প্রবল বর্ষায় শীতের দৃশ্য ফুটে উঠেছে বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে আর্চ ব্রিজের। ধোঁয়ার মতো কুয়াশার জাল ভেদ করে ছুটে আসছে বন্দে ভারত। চেনাব রেলসেতু দিয়ে ভারতের সেমি হাইস্পিড ট্রেনটি ছুটে আসার সেই সুন্দর দৃশ্যটি ধরা পড়েছে একটি ভিডিয়োয়। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা মুগ্ধ করেছে নেটাগরিকদের। রেল মন্ত্রকের পক্ষ থেকে এক্স-এ শেয়ার করা হয়েছে ভিডিয়োটি। আনন্দবাজার ডট কমের হাতেও এসেছে ভিডিয়োটি।

ভাইরাল হওয়া মনোমুগ্ধকর ফুটেজে দেখা যায়, সুদৃশ্য সাদা সেমি-হাই-স্পিড ট্রেনটি ঐতিহাসিক চেনাব রেলসেতুর উপর দিয়ে এগিয়ে যাওয়ার সময় ঘন কুয়াশার চাদর ভেদ করে বেরিয়ে আসছে। কুয়াশাচ্ছন্ন হিমালয়ের চূড়া এবং সবুজ উপত্যকা পরিবেষ্টিত সেতুতে বন্দে ভারতের ছুটে চলার এই দৃশ্যটি দেখার পর মন্ত্রমুগ্ধ দর্শক। জম্মু-কাশ্মীরের পীরপঞ্জাল পর্বতশ্রেণির উপত্যকা বেয়ে নেমে এসেছে চন্দ্রভাগা বা চেনাব নদী। ওই নদীর অববাহিকায় নির্মিত চেনাব সেতুটি এমন ভাবে তৈরি হয়েছে যাতে ঘণ্টায় সর্বোচ্চ ২৬৬ কিলোমিটার গতিতে ঝড়েও ক্ষতি না হয়। তবে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার হলেই ট্রেন চলাচল সিগনাল স্বয়ংক্রিয় ভাবে লাল হয়ে যাবে।

ভিডিয়োটি পোস্ট করার পর ইতিমধ্যেই বহু বার দেখা হয়েছে এটি। হাজার হাজার লাইক জমা পড়েছে তাতে। সেই অসাধারণ দৃশ্য হাজার হাজার দর্শককে মুগ্ধ করেছে এবং অনেকেই এই দৃশ্যটিকে চিত্তাকর্ষক বলে অভিহিত করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে অত্যাধুনিক পরিকাঠামোর অনবদ্য মেলবন্ধন।’’ দ্বিতীয় নেটাগরিক লিখেছেন, ‘‘অবিশ্বাস্য দৃশ্য, আত্মনির্ভর ভারত।’’ এর আগেও বৃষ্টিভেজা মুম্বইয়ে বন্দে ভারত ছুটে চলার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল নেটমাধ্যমে। সেখানে দেখা গিয়েছে রেললাইনে জল জমার পর সেই ট্র্যাক ধরে এগিয়ে আসছে বন্দে ভারত। ট্রেনটি যখন জলের মধ্যে দিয়ে তীব্র গতিতে ছুটে চলেছে, দু’পাশে জমে থাকা জল ফোয়ারার মতো ছিটকে পড়ছে।

Chenab jammu kashmir

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy