কথায় আছে শখের দাম লাখ টাকা। নাবালিকা ভাইঝির শখ পূরণ করতে লক্ষ নয়, কয়েক কোটি টাকা খরচ করতে দু’বার ভাবলেন না কাকা। নিলাম থেকে দাদার মেয়ের জন্য বিশেষ একটি উপহার কিনে দিলেন তিনি। প্রায় ১৫ লক্ষ দিরহামে (প্রায় ৩.৮৫ কোটি টাকা) একটি বিরল সাদা বাজপাখি কিনে উপহার দিলেন ভাইঝিকে! সেই সংক্রান্ত একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদ প্রতিবেদন অনুসারে, আবুধাবি আন্তর্জাতিক শিকার ও অশ্বারোহণ প্রদর্শনী বা এডিআইহেক্স ২০২৬-এ হাজির হয়েছিলেন কাকা ও ভাইঝি। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল একটি অত্যন্ত দামি বাজপাখির নিলাম। শইখা আল মনসূরি নামের ওই নাবালিকার পছন্দের উপহারটি ছিল একটি বিরল প্রজাতির সাদা ও বাদামি ছিটের ডানাওয়ালা বাজ। বাজপাখির নিলাম আরব দুনিয়ায় নতুন কিছু নয়। কিন্তু এ বার যে পাখিটির দাম এতটা উঠেছে, তার বিশেষত্বই আলাদা। আল্ট্রা হোয়াইট পিয়োর গির গারমৌশা প্রজাতির বাজের ছানাটি পেয়ে খুশিতে ডগমগ নাবালিকা।
ইনস্টাগ্রামের ‘আলি.আলজাবরি’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জমকালো ঐতিহ্যবাহী পোশাক, গয়নায় সেজে নিলামে অংশ নিচ্ছে কিশোরী। তার পাশে বসে কাকা। নিলাম শেষ হওয়ার পর কাকাকে পাশে নিয়ে বাজপাখি ও পাখিদের প্রতি তার আগ্রহ নিয়ে কথা বলে কিশোরী। তাকে যখন জিজ্ঞাসা করা হয়, কে তাঁকে বাজপাখি সম্পর্কে শিখিয়েছেন, শইখা উত্তর দেয়, তার কাকা। পাশে থাকা ব্যক্তিও জানান, তিনিই তাঁর কাকা। প্রায় চার কোটি টাকা দামের বাজপাখিটির ওজন প্রায় ১ কেজি এবং এর দৈর্ঘ্য ও প্রস্থ প্রায় ১৬.৫ ইঞ্চি।