যেন বেড়ালছানা বা কুকুরছানা। পোষ্যের মালিকেরা যে ভাবে তাদের কোলে নিয়ে ঘুরে বেড়ান ঠিক তেমনই ভয়াল এক সরীসৃপকে কোলে তুলে নিলেন এক মহিলা। তরুণী একটি বিশাল ও হিংস্র কুমিরকে কোলে নিয়ে এমন ভাবে ঘুরে বেড়াচ্ছেন, যেন সেটি একটি ছোট খেলনা বা পোষা বিড়াল। এই আশ্চর্যজনক দৃশ্যের ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা আলোড়ন তুলেছে নেটমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
আরও পড়ুন:
এই চাঞ্চল্যকর ঘটনাটি ‘দ্য রেপটাইল জ়ু’-এর ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করা হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ১১৩ কেজির (২৫০ পাউন্ড) বেশি ওজনের কুমিরকে কোলে তুলে দাঁড়িয়ে রয়েছেন ওই তরুণী। তিনি সরীসৃপের চিড়িয়াখানার কর্মী। কুমিরটির নাম ডার্থ। অতিকায় সেই ভয়ঙ্কর সরীসৃপটি শান্ত ভাবে তরুণীর কোলে উঠে বসে আছে। দেখে মনে হচ্ছে, সে তার দেখভালকারীর কোলে চেপে ঘোরাফেরা করতে অভ্যস্ত। এই ঘটনাটি তরুণীর কাছে কোনও বিশেষ ব্যাপার না হলেও দৃশ্যটি দেখে হাড় হিম হয়ে গিয়েছে দর্শকের।
ভিডিয়োয় থাকা ক্যাপশনে চিড়িয়াখানা তত্ত্বাবধায়ক জানিয়েছেন, দীর্ঘ দিন একসঙ্গে থাকার সুবাদে ডার্থের সঙ্গে তাঁর এমনই গভীর বন্ধন তৈরি হয়েছে। তিনি লিখেছেন, “ডার্থকে এ ভাবে কোলে তুলে নেওয়াটা হয়তো দেখে খুব একটা বড় ব্যাপার বলে মনে হবে না। ওর ওজন ২৫০ পাউন্ডেরও বেশি, অথচ আমার কোলে ও বেশ আরামেই বসে থাকে। ডার্থ অনেক দিন ধরে আমার সঙ্গে রয়েছে। সেই থেকেই আমাদের মধ্যে একটি চমৎকার সম্পর্ক তৈরি হয়েছে। তবে এই ঘনিষ্ঠতা সত্ত্বেও মনে রাখতে হবে, ডার্থ একটি বিশাল বন্য প্রাণী। তাই ওর সঙ্গে সব সময় যথাযথ সতর্কতা নিয়ে আচরণ করতে হবে।”
আরও পড়ুন:
ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই তা ঘিরে শুরু হয় তুমুল আলোচনা। বিশালাকৃতির কুমিরটিকে অনায়াসে সামলানো দক্ষতা দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। অনেকেই তরুণীর সাহস ও শারীরিক ক্ষমতার প্রশংসা করেছেন। এক নেটমাধ্যম ব্যবহারকারী বিস্ময় প্রকাশ করে লিখেছেন, “এই কুমিরটা তো বিশাল!” অন্য এক জনের মন্তব্য, “হে ঈশ্বর! আমার কখনওই এতটা সাহস হবে না।” আর এক নেটাগরিক লিখেছেন, “ওদের দু’জনের মধ্যে যে বিশ্বাস ও ভালবাসার বন্ধন তৈরি হয়েছে তা সত্যিই প্রশংসনীয়।”