দুই ছেলের সঙ্গে ছাঁদনাতলায় বরবেশে হাজির হলেন বাবা! সপুত্র বিয়ে সারলেন তিনি। এক সঙ্গে তিনটি বিয়ের আসর বসল এক ছাদের নীচে। অদ্ভুত সেই ঘটনার সাক্ষী থাকল পাকিস্তানের কোয়েটা। ছেলেদের সঙ্গে তিনিও বরের সাজে সেজে হাজির হলেন বিয়ের মণ্ডপে। দুই ছেলের এটি প্রথম বিয়ে হলেও তাঁদের বাবার এটি তৃতীয় বিয়ে। সেই ঘটনাটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
অনেক পরিবারে বিবাহযোগ্য একাধিক পাত্র বা পাত্রী থাকলে তাঁদের একসঙ্গে বিয়ে দেওয়ার চল রয়েছে। ভাইরাল হওয়া পাকিস্তানের ঘটনাটি আরও এক ধাপ এগিয়ে গিয়েছে। কারণ এখানে পুত্রদের সঙ্গে বাবাও বিয়ের আসরে সেজেগুজে হাজির হয়েছেন। তিন জনেই সে দেশের ঐতিহ্যবাহী পোশাক ও পাগড়ি পরে একসঙ্গে বিয়ের আসরে হাজির হন। সেই ছবিই প্রকাশ্যে এসেছে। বাবা এবং ছেলেদের একসঙ্গে বিয়ের জমকালো আয়োজন অতিথি এবং সমাজমাধ্যম ব্যবহারকারী উভয়কেই অবাক করেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, অর্থ সাশ্রয় করার জন্য এবং পারিবারিক আনন্দ উদ্যাপন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবারের কর্তা তাঁর দুই ছেলের বিয়ের জন্য নির্ধারিত একই তারিখে নিজের তৃতীয় বিয়েও সেরে ফেলেন।
সমাজমাধ্যমে পোস্টটি ছড়িয়ে পড়তেই বিয়ের ঘটনাটি নিয়ে ব্যাপক হইচই শুরু হয়েছে। অনেকেই ঘটনাটিকে পারিবারিক আনন্দ উদ্যাপনের এক ব্যতিক্রমী উদাহরণ হিসাবে প্রশংসা করেছেন। তবে সমালোচনাও কম হয়নি। ছেলের বিয়ের দিনে বাবার এমন আচরণ কতটা উপযুক্ত তা নিয়েও কিছু সমাজমাধ্যম ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন। বিতর্ক থাকলেও বিষয়টি নেটাগরিকদের কাছে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।