ধ্বংসের মাঝে জীবনের স্পন্দন! ভূমিকম্প-বিধ্বস্ত লাটিন আমেরিকার দেশ কোলোম্বিয়ার একটি বহুতলের ধ্বংসস্তূপের নীচে শোনা গেল নবজাতকের হৃৎস্পন্দন। ক্রংক্রিটের চাঙড় সরিয়ে উদ্ধার করা হয়েছে শিশুটিকে। সোমবার ৭ মাত্রার ভূমিকম্পের ৪৮ ঘণ্টা পর উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরানোর সময় শিশুর চাপা কান্নার আওয়াজ শুনতে পান। শিশুটির সঙ্গে চাপা পড়েছিলেন তার বাবাও। দু’জনকেই নিরাপদে বার করে আনেন উদ্ধারকারীরা। সেই ‘অলৌকিক’ ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভিডিয়োয় দেখা গিয়েছে একটি ভবনের ধ্বংসস্তূপে একদল কর্মী তল্লাশি চালাচ্ছেন। ধ্বংসস্তূপের নীচে আটকে থাকা এক জীবিত ব্যক্তির খোঁজ পান তাঁরা। একা রয়েছেন কি না জানতে চাওয়ার পর তরুণ চাপা স্বরে বলেন, ‘‘আমার সঙ্গে একটি শিশুও আছে।”
এর পরই উদ্ধারের মরিয়া চেষ্টা শুরু করেন উদ্ধারকারীরা। খালি হাতেই ভারী কংক্রিটের টুকরো ও ধ্বংসাবশেষ সরাতে থাকেন তাঁরা। সেই সময় ধ্বংসস্তূপের নীচ থেকে ভেসে আসে শিশুর চাপা কান্নার শব্দ। পাঁচ জন ব্যক্তি ধীরে ধীরে ধুলোমাখা শিশুটিকে মৃত্যুপুরী থেকে বার করে আনেন। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া অন্য একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, এক ব্যক্তি কাঁদতে থাকা শিশুটিকে কোলে তুলে রেখেছেন। চাঙড়ের নীচে চাপা প়ড়ে তরুণ। তাঁর হাত রক্তে ভেজা। শরীরের নীচের অংশ তখনও ধ্বংসস্তূপের মধ্যে আটকে রয়েছে। শিশুটিকে নিরাপদে বার করে আনার জন্য আশপাশের লোকজনও উদ্ধারকাজে সাহায্য করতে এগিয়ে আসেন। দু’জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাঁদের অবস্থা স্থিতিশীল।
আরও পড়ুন:
ভিডিয়োটি ‘কুইব ওয়ান’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি দেখার পর বহু নেটাগরিক ভূমিকম্প-বিধ্বস্ত দেশটির অবস্থা দেখে শিউরে উঠছেন। তরুণ ও শিশুর এই উদ্ধারকে ‘অলৌকিক’ বলে মন্তব্য করেছেন বহু নেটাগরিক। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ঈশ্বরের অসীম করুণা!’’