সমাজমাধ্যমে ২১ লক্ষেরও বেশি ফলোয়ার। কিন্তু জনমত সংগ্রহ করতে ডাহা ফেল করলেন রাজস্থানের ফালোদির বাসিন্দা ওম প্রকাশ বিষ্ণোই। গ্রামের পঞ্চায়েত নির্বাচনে মাত্র ৩৩টি ভোট পেয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। লক্ষ লক্ষ অনুসারী থাকা সত্ত্বেও রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে মাত্র ৩৩টি ভোট পেয়ে পরাজিত হলেন তিনি। সমাজমাধ্যমে তাঁর বিপুল জনপ্রিয়তা থাকলেও, ভোটবাক্সে তার প্রতিফলন দেখা যায়নি। এই ফলাফল ঘিরেই সমাজমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।
আরও পড়ুন:
রাজস্থানের ফালোদি অঞ্চলের বাসিন্দা ওম প্রকাশ বিষ্ণোই সমাজমাধ্যমে বেশ জনপ্রিয়। ইনস্টাগ্রাম ও ফেসবুক মিলিয়ে তাঁর অনুসারীর সংখ্যা ২১ লক্ষেরও বেশি। পাশাপাশি, ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা পাঁচ লক্ষ ছাড়িয়েছে। দেশি ধাঁচের রান্না ও খাঁটি উপকরণ দিয়ে খাবার তৈরির ভিডিয়োর জন্য তিনি বিশেষ পরিচিত। পাশাপাশি তিনি জ্যোতিষচর্চা নিয়ে নানা ভিডিয়ো করে থাকেন। তাঁর একাধিক ভিডিয়ো ভাইরালও হয়েছে। সমাজমাধ্যমে বিপুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও পঞ্চায়েত নির্বাচনে তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা দেখে হতবাক নেটপাড়া। পঞ্চায়েত নির্বাচনের লড়াইয়ে তিনি প্রত্যাশিত জনসমর্থন পাননি। ফালোদির ইন্দন কি ধানি-২ পঞ্চায়েত থেকে প্রধান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ওম প্রকাশ। ওই কেন্দ্রে পঞ্চায়েতে ১,৬০০ ভোটার ছিল। কিন্তু ফলাফল ঘোষণার পর দেখা গেল তিনি মাত্র ৩৩ ভোট পান।
এই নির্বাচনে ওম প্রকাশ বিষ্ণোইয়ের এমন শোচনীয় পরাজয় তাঁর বিপুলসংখ্যক অনুসারীর পাশাপাশি সম্ভবত তাঁকেও বিস্মিত করেছে। সমাজমাধ্যমে লক্ষ লক্ষ মানুষের সমর্থন থাকলেও, ব্যালট বাক্সে সাফল্য পাননি এই নেটপ্রভাবী। তাঁর প্রাপ্ত ভোটের ফল দেখে সমাজমাধ্যম ব্যবহারকারীদের অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, যে ব্যক্তি মুখ দেখে অন্যের ভাগ্যগণনা করেন তাঁর ভাগ্যের এমন দশা কেন?