দিনের ব্যস্ত সময়ে যানজট সামলাতে নাজেহাল দশা হয় ট্রাফিক পুলিশের। আর সে ঝামেলা আরও বাড়ে যদি গাড়িচালক এবং পথচারীরা ঠিকমতো ট্রাফিক আইন মেনে না চলেন। সে কারণেই এক অভিনব পদক্ষেপ করেছেন ইনদওরের ট্রাফিক পুলিশ। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সে কাণ্ড। তা দেখে হতবাক হয়ে গিয়েছেন নেটাগরিকেরা।
আরও পড়ুন:
ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, একটি ব্যস্ত রাস্তায় চলছে দু’চাকা আর চারচাকা। পথচারীরাও রাস্তা পারাপার করছেন। আর সেই জনবহুল রাস্তাতেই দিব্য চলেফিরে বেড়াচ্ছে বিরাট একটি গোরিলা। কখনও সেটি কোনও গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ছে। কখনও আবার কোনও পুলিশকর্মীর সঙ্গে হাত মেলাচ্ছে। ভিডিয়োর পরের অংশে পথচারীদের সঙ্গেও হাঁটতে দেখা গিয়েছে সেটিকে। কখনও আবার মানুষের হাত ধরে রাস্তা পার হতে সাহায্য করেছে।
আরও পড়ুন:
আসলে সেটি কোনও গোরিলা নয়। বরং গোরিলার পোশাক পরা এক ব্যক্তি। মানুষজনকে ট্রাফিক আইন সম্পর্কে আরও সচেতন করে তোলার জন্যই এমন অভিনব কাণ্ড ঘটিয়েছে ইনদওরের ট্রাফিক পুলিশ। একেবারেই মজার ছলে করা হয়েছে কাজটি। সংবাদ প্রতিবেদন অনুসারে, পালাসিয়া স্কোয়্যার অঞ্চলকে বেছে নেওয়া হয়েছে এই কাজের জন্য। ইনদওরের অন্যান্য স্থানেও একই রকম উদ্যোগ নেওয়া হবে কি না, সে সম্পর্কে অবশ্য কিছু জানা যায়নি।
আরও পড়ুন:
‘ক্রিয়েটিভইনদওর’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ঘটনাটির ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
কয়েক লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। হাজার হাজার ভালবাসার চিহ্ন আঁকা হয়েছে তাতে। ভিডিয়োটি দেখে হেসে খুন হয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরাও। এই কাজের প্রশংসাও করেছেন অনেকেই। ট্রাফিক পুলিশদের বুদ্ধির তারিফও হয়েছে নেটপাড়া জুড়ে।